...
...
Next Story

নেতাজিকে ‘অপমান’! অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ কাড়ল রাজ্য,পাল্টা অনন্ত বললেন…

Ananta Maharaj: চলতি বছর, অর্থাৎ, ২০২৬ সালেরই ২১ ফেব্রুয়ারি, শ্রী নগেন্দ্র রায় ওরফ অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ৬ মাসের মধ্যেই সেই সম্মান ফিরিয়ে নেওয়া হল।

Updated on: Aug 13, 2026, 19:33:04 IST
Advertisement

Ananta Maharaj: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা লাগাতার বিতর্কিত মন্তব্যের জের। রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের (Ananta Maharaj) ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগেন্দ্র রায়কে এই সম্মানে ভূষিত করেছিলেন। কিন্তু সম্প্রতি অনন্ত মহারাজ যেভাবে নেতাজি সম্পর্কে একের পর এক কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করল রাজ্যের বিজেপি সরকার।

অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নিল রাজ্য সরকার (PTI Photo)
অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ কেড়ে নিল রাজ্য সরকার (PTI Photo)

চলতি বছর, অর্থাৎ, ২০২৬ সালেরই ২১ ফেব্রুয়ারি, শ্রী নগেন্দ্র রায় ওরফ অনন্ত মহারাজকে বঙ্গ বিভূষণ সম্মানে সম্মানিত করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ৬ মাসের মধ্যেই সেই সম্মান ফিরিয়ে নেওয়া হল। এদিন, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ‘রাজ্য ও তার জনগণের প্রতি তাঁর বিশিষ্ট ও অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছিল। এবং যেহেতু, সম্মানটি প্রদানের পরবর্তী সময়ে এমন কিছু ঘটনা ও পরিস্থিতি প্রকাশ্যে এসেছে/সরকারের নজরে এসেছে, যা সরকারের বিবেচনায় এতটাই গুরুতর ও যথেষ্ট গুরুত্বপূর্ণ যে, শ্রী নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে এই সম্মান প্রদান অব্যাহত রাখা উচিত কিনা এবং এই সম্মান বজায় রাখা সম্মানের মর্যাদা, মর্যাদাসম্পন্ন প্রকৃতি ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।’

নির্দেশিকায় লেখা হয়েছে, ‘যেহেতু, ওই বিবেচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শ্রী নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান বহাল রাখা এই সম্মানের মর্যাদা, মর্যাদাসম্পন্ন প্রকৃতি ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; অতএব, পশ্চিমবঙ্গ সরকার এতদ্বারা ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে শ্রী নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে প্রদান করা ‘বঙ্গবিভূষণ’ সম্মান অবিলম্বে প্রত্যাহার ও বাতিল করছে।’ তবে কী কারণে বিজেপি সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করা হল, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি সরকার। জানিয়ে দেওয়া হয়েছে, এর পর থেকে ‘বঙ্গবিভূষণ’ হিসেবে কোনও সুযোগসুবিধা তিনি আর পাবেন না। সংশ্লিষ্ট তালিকা থেকে তাঁর নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘অনন্ত মহারাজ যদি মনে করে থাকেন বাংলার মানুষের মন পাবেন নেতাজিকে অপমান করে, সেটা খুব দুঃখজনক। আলাদা করে আমার কিছু বলার নেই। নেতাজির অপমান বাঙালির অপমান। আমরা সেটা বরদাস্ত করব না। এটা নিয়ে আমরা কোনও রাজনীতিও করতে দেব না।’ অন্যদিকে, নিজের অবস্থানে অনড় রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। তাঁর দাবি, 'যে সময়ের কথা বলেছি, তখন আমার জন্ম হয়নি। আমি নেতাজিকে অপমান করিনি। কাউকে গালাগালও করিনি। নিজের মুখ থেকে কোনও মিথ্যা কথা বা মনগড়া রূপকথা বানিয়ে বলিনি। কারও নামে বদনামও করিনি। যেটা ইতিহাসের পাতায় রয়েছে, সেটাই সাধারণ মানুষকে বলেছি। শুধুমাত্র ঐতিহাসিক কিছু তথ্য সামনে তুলে ধরেছি। আমি অন্যায় করে থাকলে আইনি শাস্তি দেওয়া যেতেই পারে।' সুতরাং হাজার চাপানউতোর চললেও নিজের অবস্থানে অনড় অনন্ত মহারাজ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks