...
...
Next Story

Swapna Barman Latest Update: বিপাকে স্বপ্না বর্মণ! ভোটের লড়াইয়ে জটিলতা, মামলা হাইকোর্টে, নিলেন বড় সিদ্ধান্ত

স্বপ্নার ভোটে লড়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর তাই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চের দ্বারস্থ হয়েছেন স্বপ্না। হাইকোর্টে মামলা দায়ের করে স্বপ্নার আবেদন, রেল যাতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে।

Published on: Mar 25, 2026, 09:32:39 IST
Advertisement

এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ বিপাকে পড়েছেন। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি। ঘাসফুল শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা যায়, রায়গঞ্জ আসনে প্রার্থী করা হয়েছে তাঁকে। তবে স্বপ্না বর্মণ রেলের চাকরি করেন। এই আবহে ভোটে লড়তে গেলে তাঁকে আগে সেই চাকরি ছাড়তে হবে। সেই মতো রেলকে পদত্যাগপত্রও পাঠান স্বপ্না। তবে মনোনয়ন পেশ করার সময় চলে এলেও স্বপ্নার ইস্তফাপত্র এখনও গ্রহণ করেনি রেল। এহেন পরিস্থিতিতে স্বপ্নার ভোটে লড়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর তাই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি বেঞ্চের দ্বারস্থ হয়েছেন স্বপ্না। এরই সঙ্গে ভোটে লড়াই করতে মরিয়া স্বপ্না রেলকে জানিয়েছেন, তিনি অবসরকালীন কোনও সুযোগ সুবিধা নেবেন না।

হাইকোর্টে মামলা দায়ের করে স্বপ্নার আবেদন, রেল যাতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে। (Sudipta Banerjee)
হাইকোর্টে মামলা দায়ের করে স্বপ্নার আবেদন, রেল যাতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে। (Sudipta Banerjee)

হাইকোর্টে মামলা দায়ের করে স্বপ্নার আবেদন, রেল যাতে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে। এদিকে রেল কেন এখনও স্বপ্নার ইস্তফাপত্র গ্রহণ করেনি? জানা গিয়েছে, গত ১৬ মার্চ চাকরি ছাড়তে চেয়ে রেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন স্বপ্না বর্মণ। এদিকে রেলের বক্তব্য, রেলওয়ের কর্মচারী হিসেবে কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়া, সভায় যোগ দেওয়া কিংবা দলের পক্ষে প্রচার চালানো যায় না। এই আবহে রেলের চাকরি ছাড়ার আগেই গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগদান করেছিলেন স্বপ্না বর্মণ। তাই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু হয়েছে। গত ৯ মার্চ সেই তদন্ত শুরু হয়েছে। তার একসপ্তাহ পরে স্বপ্না নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। সেই সময় স্বপ্নার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলায় সেই ইস্তফা গ্রহণ করা হয়নি রেলের তরফ থেকে।

এদিকে আদালতে রেল জানিয়েছে, স্বপ্না বর্মণ যদি তাঁর দোষ স্বীকার করেন এবং রেলের কাছে অবসরকালীন কোনও সুযোগ সুবিধা না চান, তাহলে রেল তাঁকে ছাড়পত্র দেবে। এই আবহে স্বপ্না জানিয়ে দেন, রেলের চাকরি থেকে অবসর নেওয়ার পর কোনওরকম সরকারি সুযোগ-সুবিধা বা পেনশন তিনি ভোগ করবেন না। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন কর্তৃপক্ষকে ইমেল করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। এর কয়েকদিন আগেই নিজের বাবাকে হারিয়েছেন স্বপ্না। শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই আবহে রাজনীতিতে যোগ দিয়ে ভোটের টিকিট পেলেও এখনও সেভাবে প্রচারে নামতে পারেনি স্বপ্না। এরই সঙ্গে রেলের চাকরি ছাড়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks