...
...
Next Story

সাংঘাতিক! মায়ের সঙ্গে কালীপুজো থেকে ফিরেই আত্মঘাতী কিশোরী, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়েই পেঁড়ো থানার পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাধা দেন এলাকার লোকজন।

Published on: Mar 12, 2026, 12:24:23 IST
Advertisement

সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানি করার অভিযোগ। ঘটনার জেরে আত্মঘাতী ওই নাবালিকা। ওই ঘটনার পরে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে। আর হাওড়ার উদয়নারায়নপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

মায়ের সঙ্গে কালীপুজো থেকে ফিরেই আত্মঘাতী কিশোরী (HT_PRINT)
মায়ের সঙ্গে কালীপুজো থেকে ফিরেই আত্মঘাতী কিশোরী (HT_PRINT)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই কিশোরী তার মায়ের সঙ্গে আমতায় মামাবাড়ির এলাকায় একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে পেঁড়ো থানার এক সিভিক ভলান্টিয়ারও গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই ওই কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। ভিড়ের মাঝে ওই কিশোরীর শ্লীলতাহানি করেন সিভিক ভলান্টিয়ার। বিষয়টি নিয়ে সে সময়ে ঝামেলা হয়, চিৎকার চেঁচামেচি হয়, এলাকার লোক জড়ো হয়ে যায়। যার জেরে ভীষণই অপমানিত বোধ করেন ওই কিশোরী। বাড়ি ফেরার পথে মাকে সে কথা জানানও। কিন্তু ওই কিশোরী বাড়িতে এসে মানসিক ভাবে ভেঙে পড়ে। তারপর রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে চলে যান। কিন্তু কিশোরী যে এই ধরনের কোনও ঘটনা ঘটাতে পারে, তা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি পরিবারের সদস্যরা। বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ঝুলন্ত দেহ।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়েই পেঁড়ো থানার পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাধা দেন এলাকার লোকজন। অবিলম্বে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন তাঁরা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। এমনকী স্থানীয়রা পুলিশকে তাড়া করেন বলে অভিযোগ। পরে পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয় মানুষরা তাঁদের দেহ উদ্ধার করতে দেন। এদিকে, ‘নির্যাতিতা’র পরিবারের পক্ষ থেকে পেঁড়ো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। থানা সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পকসো ও আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার এলাকায় দাদাগিরি করতেন। ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলতো না। তাঁদের অভিযোগ, শুধু ওই কিশোরীরই নয়, একাধিক মহিলার সঙ্গে অশালীন আচরণ করছেন তিনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks