...
...
Next Story

বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘আকভান’! ১৪৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে উপকূলে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা

ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডির ১৭ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্য অংশে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ ১২.২ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৫.৭ ডিগ্রি পূর্বে।

Published on: Nov 17, 2026, 08:40:44 IST
Advertisement

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Akvan)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গেও। বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ শুরু করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি।

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডির ১৭ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্য অংশে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল অক্ষাংশ ১২.২ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৮৫.৭ ডিগ্রি পূর্বে। সেই সময় সেটি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৯ নভেম্বর সকালে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও টুনি এলাকার মধ্যবর্তী কোনও জায়গা দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, ওড়িশাতেও জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ৭৪টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে ৬০টি ওডিআরএএফ এবং ১৪টি এনডিআরএফ দল। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি এবং পুরী জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। পাশাপাশি জলাধারগুলিতে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাই ও সংলগ্ন জেলাগুলিতেও ১৭ নভেম্বর থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ উপকূলে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রে ১ থেকে ২ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাপটলা, কৃষ্ণা এবং পশ্চিম গোদাবরী জেলার নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শক্তিবৃদ্ধিতে উপকূলবর্তী রাজ্যগুলিতে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের লক্ষ্য, আগাম সতর্কতা ও উদ্ধারকাজের প্রস্তুতির মাধ্যমে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমানো। আগামী ২০ নভেম্বর ঝড়ের সম্ভাব্য গতিপথ ও শক্তির দিকে নজর রাখছে আবহাওয়া দপ্তর।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks