...
...
Next Story

Maa Aahar: বদলে গেল ‘মা ক্যান্টিন!' নতুন নামকরণ করল রাজ্য সরকার, মেনুতেও বড়সড় পরিবর্তন

Maa Aahar: বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে 'মা আহার'। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হওয়া এই প্রকল্পের পরিধি বিস্তারে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

Published on: Jun 3, 2026, 23:53:26 IST
Advertisement

Maa Aahar: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের আবহ। এই আবহেই রাজ্য সরকার পরিচালিত জনপ্ৰিয় প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর নাম পরিবর্তন করে রাখা হলো ‘মা-আহার।' শুধু নামকরণই নয়, এই প্রকল্পের মেনুতেও আনা হয়েছে বড়সড় পরিবর্তন। এখন থেকে নামমাত্র ৫ টাকার বিনিময়ে ডিম-ভাতের পাশাপাশি সাধারণ মানুষ উপভোগ করতে পারবেন পুষ্টিকর মাছ-ভাত।

'মা ক্যান্টিনের' নাম বদলে 'মা আহার' (ANI Video Grab)
'মা ক্যান্টিনের' নাম বদলে 'মা আহার' (ANI Video Grab)

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে 'মা আহার'। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শুরু হওয়া এই প্রকল্পের পরিধি বিস্তারে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৯০টি কেন্দ্রে এই পরিষেবা চালু থাকলেও, সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী তা বাড়িয়ে ৫০০টি কেন্দ্রে উন্নীত করা হচ্ছে। সেখানেই পাঁচ টাকাতেই পেটপুরে মধ্যাহ্নভোজন সারবেন আমজনতা। একই সঙ্গে 'মা আহারে'র মেনুতেও বদল আনা হচ্ছে। এবার থেকে ওই 'মা আহার' কেন্দ্রগুলি থেকে সপ্তাহে দু'দিন করে মাছ, সপ্তাহে দু'দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি তিনদিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার। মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। অন্তত যে সব প্রকল্পে আমজনতা উপকৃত হন, তেমন কোনও প্রকল্প বন্ধ করা হবে না। বরং সেগুলিকে আরও বৃহত্তর আকারে প্রসারিত করা হবে। সেই মতোই নবরুপে 'মা আহার' হয়ে আত্মপ্রকাশ করল মা ক্যান্টিন। সাধারণ খেটে খাওয়া মানুষ এবং কর্মজীবী মানুষদের দোরগোড়ায় পুষ্টিকর ও সাশ্রয়ী খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনিক এই নতুন উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গিয়েছে। কম খরচে পুষ্টিকর খাবারের এই নতুন মেনু সাধারণ মানুষের দৈনন্দিন দুশ্চিন্তা অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের এই নতুন রূপ ও পরিবর্তনের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ‘মা-আহার’ আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks