Jhangir Khan on IPS Ajay Pal Sharma: বাংলায় এসে নাকি পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক অজয় পাল শর্মা। এমনই অভিযোগ করলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এরই সঙ্গে নিজেকে জনপ্রিয় হিন্দি সিনেমার চরিত্র 'পুষ্পারাজ' বলে দাবি করলেন। তিনি বলেন, 'অজয় পাল শর্মা একজন অবজার্ভার। তাঁর কোনও এক্তিয়ার নেই যে তিনি নিজে গিয়ে কাউকে ধমক দিয়ে আসবেন। তাঁর কিছু বলার থাকলে তিনি এসপিকে বলবেন। বিজেপি এই সব করাচ্ছে।'

সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি। মৃত্যু মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওনার চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।' এরই সঙ্গে তিনি দাবি করেন, তিনি পলাতক নন। যে সময় অজয় পাল শর্মা তাঁর বাড়িতে গিয়েছিলেন, তখন তিনি বাইরে ছিলেন। সেই ঘটনার পরেও তিনি জনসভায় বক্তৃতা রেখেছিলেন।
উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশ্যালিস্ট’আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।' সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শাসকদল তৃণমূল। অভিযোগ ওঠে, তিনি তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে আচরণ করছেন।