বেঙ্গল অলিম্পিক আয়োজনকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। ২০২৫ সালের ৯ম নেতাজি সুভাষ স্টেট গেমস বা বেঙ্গল অলিম্পিকের আয়োজন ঘিরে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। মালদহে আয়োজিত এই রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ১০ হাজারেরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং মালদহ জেলা ক্রীড়া সংস্থা (DSA) ও রাজ্যের ক্রীড়া দফতরের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

অভিযোগ, আয়োজনের জন্য মালদহ জেলা ক্রীড়া সংস্থাকে ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এর ফলে হোটেল মালিক, মঞ্চ নির্মাতা, আলো-সাউন্ড সংস্থা এবং অন্যান্য পরিষেবা প্রদানকারীদের বহুদিন পাওনা বকেয়া ছিল বলে দাবি। পরে সেই পাওনার কিছু অংশ অন্য উৎস থেকে মেটানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও সংস্থা পূর্ণ অর্থ পায়নি। তাঁর দাবি, মাত্র সাড়ে ৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং তারপর আর কোনও অর্থ বরাদ্দ করা হয়নি।
বিরোধী শিবির এই ঘটনাকে বড় আর্থিক কেলেঙ্কারি বলে দাবি করছে। অম্লান ভাদুড়ি অভিযোগ করেছেন, খেলাধুলা ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন ক্ষেত্রে অরূপ ও স্বরূপ বিশ্বাসের প্রভাব ছিল এবং সেই প্রভাবের আড়ালে একাধিক অনিয়ম হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগের তদন্ত দাবি জানাবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, বাম নেতৃত্বও এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকে এই অভিযোগগুলির বিষয়ে কোনও বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।