...
...
Next Story

Kunal Ghosh: কালীঘাটে কুণালকে স্ট্যান্ডিং ওভেশন, দাঁড়ালেন অভিষেকও, কাটা হল কেক

শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। ঘটনাচক্রে সেদিনই ছিল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের জন্মদিন। বৈঠকে কুণাল প্রবেশ করতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী।

Published on: Jun 21, 2026, 13:49:47 IST
Advertisement

এক সময় স্ট্যান্ডিং ওভেশন ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচনী ধাক্কার পর কালীঘাটে দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের একাংশের নেতা-বিধায়ক। তবে শনিবার সেই কালীঘাটেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। এবার স্ট্যান্ডিং ওভেশনের কেন্দ্রে ছিলেন তৃণমূল বিধায়ক ও দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

এবার স্ট্যান্ডিং ওভেশনের কেন্দ্রে ছিলেন তৃণমূল বিধায়ক ও দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। (PTI)
এবার স্ট্যান্ডিং ওভেশনের কেন্দ্রে ছিলেন তৃণমূল বিধায়ক ও দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। (PTI)

শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। ঘটনাচক্রে সেদিনই ছিল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের জন্মদিন। বৈঠকে কুণাল প্রবেশ করতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। এরপর উপস্থিত নেতা-নেত্রীদেরও উঠে দাঁড়িয়ে কুণালকে অভিনন্দন জানানোর অনুরোধ করেন তিনি। নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত সকলেই উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান কুণালকে।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই সময় বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনিও অন্যদের সঙ্গে উঠে দাঁড়িয়ে কুণাল ঘোষকে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, জন্মদিন উপলক্ষে বৈঠকেই কেক আনার ব্যবস্থা করা হয়। কুণাল কেক কাটার পর উপস্থিত এক নেতা প্রস্তাব দেন, তিনি যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেক খাইয়ে দেন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়ে পরস্পরকে কেক খাইয়ে দেন কুণাল ও অভিষেক।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই দৃশ্য বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ কয়েকদিন আগেই কালীঘাটে দলীয় বৈঠকে অভিষেক ও কুণালের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদেও মুখোমুখি বসতে হয়েছিল দু’জনকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks