TMC MLA House Raided: তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দিল পুলিশ। সেই বিলাসবহুল বাড়িতে অবশ্য বিধায়কের দেখা মেলেনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে হুমকি দিয়েছিলেন। সেই ঘটনায় ২টি এফআইআর করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিধায়কের বাড়িতে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সেখানে তাঁকে দেখতে পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের দুটি বাড়ি আছে পৈলানে। দু'টি বাড়িতেই একযোগে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, সকালেও তাঁকে এলাকায় দেখা গিয়েছিল। কিন্তু পুলিশ তাঁর বাড়িতে যেতেই তাঁকে সেখানে আর পাওয়া যাচ্ছে না। এদিকে তাঁর বাড়ি দেখে চক্ষু চড়কগাছ অনেকেরই। তাঁর বাড়িতে রয়েছে বড় লন, সুইমিং পুল, দোলনা, বাগানে হরিণ থেকে বাঘের মূর্তি। এদিকে বর্তমানে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইন তার নিজের পথেই চলবে।
উল্লেখ্য, যে ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক তৈরি হয়, সেখানে দিলীপ মণ্ডলকে বলতে শোনা যায়, 'অনেক সংযম দেখিয়েছি। ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না। পুলিশকে ভয় পাই না। তাপস রায়কে জিজ্ঞেস করে নিক, দিলীপ মণ্ডল কে?' এই ভিডিও প্রকাশ্যে আসার পর, বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ রায় বলেন, 'দিলীপ বাবুকে এখন মনে রাখতে হবে, তিনি কিন্তু আর সেই তৃণমূলের সরকার নেই।'