...
...
Next Story

TMC MLA Joins BJP: ভোটের আগে শুভেন্দুর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে বিদায়ী বিধায়ক

TMC MLA Khagendranath Mahato: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ২৪ হাজার ভোটের ব্যবধানে গোপীবল্লভপুরে জয়ী হয়েছিলেন খগেন্দ্রনাথ। এহেন নেতাকে এবারের বিধানসভা ভোটে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস।

Updated on: Apr 23, 2026, 07:25:08 IST
Advertisement

TMC MLA Khagendranath Mahato: প্রথম দফার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ২৪ হাজার ভোটের ব্যবধানে গোপীবল্লভপুরে জয়ী হয়েছিলেন খগেন্দ্রনাথ। এহেন নেতাকে এবারের বিধানসভা ভোটে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে নির্বাচনের একদিন আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো।
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন গোপীবল্লভপুরের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো।

গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রে কুড়মি ভোট একটা বড় ফ্যাক্টর। এই কেন্দ্রের প্রায় ৩৫ শতাংশের বেশি ভোটার কুড়মি সম্প্রদায়ের। গোপীবল্লভপুর ২ সহ একাধিক ব্লকে কুড়মিদের ভালো প্রভাব রয়েছে। এই আবহে গোপীবল্লভপুরে জিততে তৃণমূল এবং বিজেপি, উভয় দলই কুড়মিদের কাছে টানতে চাইছে। এই আবহে গোপীবল্লভপুরে এবার বিজেপির প্রার্থী রাজেশ মাহাতো। তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি ছিলেন। আর তৃণমূল এবার প্রার্থী করেছে ঝাড়গ্রাম পুরসভার দীর্ঘদিন কাউন্সিলর থাকা অজিত মাহাতোকে। এই আবহে বিদায়ী বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় কুড়মি ভোটাররা কতটা গেরুয়া শিবিরের দিকে ঝুঁকবে, তা বোঝা যাবে আগামী ৪ মে।

এমনিতে গোপীবল্লভপুরে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। এর আগে ২০২৪ সালের লোকসভা ভোটে নিজের বিধানসভা কেন্দ্রে সেভাবে প্রচারে দেখা যায়নি খগেন্দ্রনাথকে। মনোনয়ন পেশের মিছিলে তিনি ছিলেন। সেখানেও আবার লোকসভার প্রার্থীর আগে আগে হাঁটছিলেন বলে জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মুর ধমক শুনতে হয়েছিল খগেন্দ্রনাথকে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের সময় অজিত মাহাতোকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অজিত মাহাতো এবার প্রার্থী হয়েছেন গোপীবল্লভপুরে। উল্লেখ্য, ২০১১ সাল থেকেই এই বিধানসভা আসনটি নিজেদের দখলে রেখেছে তৃণমূল। এবার ভোটের একদিন আগে বিদায়ী বিধায়কের দলবদলে সেই সমীকরণ বদলায় কি না, সেটাই দেখার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe