...
...
Next Story

Kunal Ghosh Egg Incident: কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ধৃত মূল অভিযুক্ত চন্দন সিং-সহ ২

তৃণমূল নেতা কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই মূল অভিযুক্ত চন্দন সিং-সহ দুইজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। মঙ্গলবার সকালে চন্দন সিংকে গ্রেপ্তার করা হয়।

Published on: Jun 16, 2026, 14:45:34 IST
Advertisement

বেলেঘাটার বিধায়ক ও তৃণমূল নেতা কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই মূল অভিযুক্ত চন্দন সিং-সহ দুইজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। মঙ্গলবার সকালে চন্দন সিংকে গ্রেপ্তার করা হয়। তার আগে সোমবার গভীর রাতে রবি কয়াল নামে আরেক অভিযুক্তকে আটক করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিকে জেরা করেই মূল অভিযুক্তের খোঁজ মেলে।

বেলেঘাটার বিধায়ক ও তৃণমূল নেতা কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ। (ANI Video Grab)
বেলেঘাটার বিধায়ক ও তৃণমূল নেতা কুণাল ঘোষের উপর ডিম হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ করল পুলিশ। (ANI Video Grab)

সোমবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে আসার সময় আচমকাই এক যুবক তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে। নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও তাঁর মাথায় ডিম লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুণাল ঘোষ।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় গ্রেপ্তারির খবর জানিয়ে কুণাল ঘোষ দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর আশঙ্কা, তুলনামূলক লঘু ধারায় মামলা রুজু করে দ্রুত জামিনের সুযোগ করে দেওয়া হতে পারে। একইসঙ্গে তিনি দাবি করেন, সিআইডির তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে উপস্থিত থাকা এক ব্যক্তি পরবর্তীতে তাঁর বাড়ির সামনেই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সেই বিষয়টিরও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনীতিতে ডিম ছোড়ার ঘটনা একাধিকবার সামনে এসেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম এই ধরনের হামলার মুখে পড়েন। সোনারপুরে নিহত এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর উপর ডিম ছোড়া হয়। সেই ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতা, বিধায়ক, চেয়ারম্যান ও কাউন্সিলরদের লক্ষ্য করে বিক্ষোভের অংশ হিসেবে ডিম ছোড়ার ঘটনা ঘটতে দেখা গিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe