ফের একবার বিস্ফোরক চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এবার চুঁচুড়া থেকে টিকিট পাননি অসিত। তাঁর বদলে ঘাসফুল প্রতীকে এবার সেই আসন থেকে লড়বেন দেবাংশু ভট্টাচার্য। এই আবহে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। রচনা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন বলে দাবি করেন অসিত। এরই সঙ্গে বিদায়ী বিধায়ক আরও বলেন, 'দেবাংশু ভট্টাচার্যের ফল খারাপ হলে তার জন্য দায়ী থাকবেন রচনা।'

সাংবাদিকদের তৃণমূল নেতা অসিত মজুমদার বলেন, 'রচনা চায় না দেবাংশু জিতুক। সবাইকে নিয়ে চলার মানসিকতা ওঁর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারেবারে বলেছেন যাতে সকলকে নিয়ে চলতে। অথচ ও সেটা করছে না। আমি এখনও বিধায়ক। মিছিল ডেকেছে, আমার নাম নেই। রচনা মিছিল করবে দেবাংশুকে নিয়ে। আর অর্ডার দেবে। এটা মেনে নেব না। ৭৪ জন বিধায়ক যাঁরা টিকিট পায়নি তাঁদের অপমান করেছে। কে রচনা তিন দিনের যোগি। ও দল শেখাবে?ও চায় না দেবাংশু জিতুক।'
এদিকে অসিতকে প্রশ্ন করা হয়েছিল, রচনা কি মমতার বিশ্বস্ত হয়ে উঠেছেন? এর জবাবে বিদায়ী বিধায়ক বলেন, 'নাচাকোদার লোক হলে হবে…। আমরা তো নাচাকোদার লোক নই। সিপিএম-এর সঙ্গে লড়াই করা লোক। আমরা পাউডার স্নো মেখে এক ঘণ্টা বাদে বাদে মুখ ওয়াস করি না। যাঁরা মুখ ওয়াস করে দিদির সামনে যায় দিদির ভাল লাগে তাঁদের। দিদি পুরনোদের বিশ্বাস করছে না। দল যা বলে দিয়েছে তাই করেছি। রচনা শুধু অভিষেক আর দিদিকে মিথ্যা কথা বলে এই সর্বনাশ করেছে।'