ভবানীপুরের প্রার্থী তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী আধিকারিক এবং ভোটারদের ওপর হামলার উস্কানি দেওয়ার অভিযোগ করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। গত ৩১ মার্চ শুভেন্দুর দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল দাবি জানিয়েছে, বিজেপি প্রার্থীর মনোনয়ন যেন বাতিল করা হয়। ঘাসফুল শিবিরের অভিযোগ, 'উস্কানিমূলক' মন্তব্য করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী। এই আবহে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছেন দলের সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ গত মঙ্গলবার সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী এবং বিজেপিপন্থী বিএলও-রা। ওইদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছিলেন, 'কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে, বিএনএসের ১৬৩ ধারা লাগাতে হবে, ভালো করে মারলে সোজা হয়ে যাবে। হাতে লাঠি আছে তো, বন্দুক ব্যবহারের দরকার নেই। কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানেও সোজা করতে করতে হবে। পুলিশ এখনও ঠিক নেই, পুলিশ এখনও বুঝতে পারছেন না কী হচ্ছে। কলকাতা পুলিশ তো এখনও সোজা হয়নি। ওটা নির্বাচন কমিশনারকে করতে হবে। অজয় নন্দ ঠিক নিয়ন্ত্রণ করতে পারছে না।' এই আবহে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে হাতিয়ার করেই তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, শুভেন্দু আদতে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ওপর হামলা চালানোর কথা বলছেন। এই পরিস্থিতিতে শুভেন্দুকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে তাঁর বিরুদ্ধ প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। এরই সঙ্গে প্রার্থী হিসেবে শুভেন্দু মনোনয়ন বাতিল করার আর্জিও জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে শুভেন্দুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।