ভোটের মুখে রাজ্যের সরকারি কর্মীদের নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এই আবহে মহার্ঘ ভাতা থেকে শুরু করে বেতন কমিশন ইস্যুতে একেক পক্ষ একেক দাবি করছে। একদিকে যেখানে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীরা বেশ কয়েক বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে মমতার সরকারের বিরুদ্ধে। আবার এই নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই আবহে খণ্ডঘোষে নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো আজ বললেন, 'এত মিথ্যাবাদী ওরা... ওরা বলছে ওদের সরকার এলে সপ্তম পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও। চেয়ারটার তো অমর্যাদা কোরো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে সপ্তম পে কমিশন ঘোষণা করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট, যেখানে পেনশন দেওয়া হয়। অন্য কোনও রাজ্যে নেই।'
এদিকে কর্মসংস্থান ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মমতা। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, রাজ্যে কর্মসংস্থান হয়নি। এই নিয়ে মমতা আজ বলেন, 'ওরা বলছে, এখানে না কি চাকরি হয় না? তোমাদের ডিফেন্সে কটা লোক নিয়েছ? তোমার রেলে গ্যাংম্যান নেই। একটাও শূন্যপদ ভর্তি করোনি। বলেছিলে বছরে ২ কোটি লোকের চাকরি দেবে, একটাও দাও নি। আর বাংলায় ২ কোটি লোকের চাকরি আমরা দিয়েছি। আর ৪০ শতাংশ বেকারি কমেছে। এটাই সত্য। চ্যালেঞ্জ করে যাচ্ছি।'