আরজি করে খুন হওয়া চিকিৎসকের মা এবার ভোটে লড়তে চাইছেন বিজেপির টিকিটে। নিজে মুখেই এই কথা বললেন তিনি। আজ সাংবাদিকদের তিনি বলেন, 'আমি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম, রাজ্যে নারীদের নিরাপত্তা নেই এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এতে কেউই ভালো নেই। তাই তৃণমূলের মূল উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।'

দাবি করা হচ্ছে, পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মা। এর কয়েকদিন আগেও প্রাক্তন সাংসদ অর্জুন সিং গিয়ে দেখা করে এসেছিলেন আরজি করে খুন চিকিৎসকের মা-বাবার সঙ্গে। সেই সময়ও তাঁরা জানিয়েছিলেন, রাজনীতিতে আসার প্রশ্নই নেই। মেয়ের জন্য ন্যায়বিচারই তাঁদের একমাত্র লক্ষ্য। আর এবার ভোটের ময়দানে নামার ঘোষণা করে মৃত চিকিৎসকের মা জানান, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে পানিহাটি এলাকাটি দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আসন্ন নির্বাচনে তৃণমূল টিকিট দিয়েছে তীর্থঙ্কর ঘোষকে। ২০১১ সাল থেকে এখানে টানা বিধায়ক থেকেছেন নির্মল ঘোষ। আরজি কর কাণ্ডের সময় এই নির্মল ঘোষকে জেরা করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে ২০২১ সালে বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায়কে প্রায় ২৫ হাজার ভোটে হারিয়ে নির্মল ঘোষ জিতেছিলেন। আর এবার তৃণমূল টিকিট দিচ্ছেন তাঁর ছেলে তীর্থঙ্করকে। এর আগে ১৯৯৬ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন নির্মল ঘোষ। পরে ২০০১ সালে তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন এই আসন থেকেই। ২০০৬ সালে তিনি হেরে গিয়েছিলেন। আর এবার নির্মলের ছেলের বিরুদ্ধে অভয়ার মাকে প্রার্থী করতে পারে বিজেপি।