...
...
Next Story

WB guv gets death threat: ‘উড়িয়ে দেব’, নিজের ফোন নম্বর লিখে রাজ্যপালকে খুনের হুমকি, পালটা চ্যালেঞ্জ বোসের

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দেওয়া হল। লোকভবন সূত্রে খবর, হুমকি দিয়ে যে ইমেল পাঠানো হয়েছে, তাতে রীতিমতো ফোন নম্বর লিখে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্যপালের। তিনিও পালটা পদক্ষেপ করছেন।

Published on: Jan 9, 2026, 07:50:19 IST
Advertisement

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দেওয়া হল। আর সেই হুমকির পরে রাজ্যপালকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। রাতেই খতিয়ে দেখা হয়েছে ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে লোকভবনের (অতীতের রাজভবন) তরফে কিছু জানানো হয়নি।

ফোন নম্বর লিখে রাজ্যপালকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দেওয়া হল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

লোকভবনের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যপালকে 'উড়িয়ে' দেওয়ার হুমকি দিয়ে ইমেল করা হয়েছে। ওই আধিকারিকের কথায়, 'ইমেলে নিজের মোবাইল নম্বরও উল্লেখ করে দিয়েছে অভিযুক্ত। আমরা রাজ্য পুলিশের ডিজিকে বিষয়টি জানিয়েছি। আর ওই অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে বলেছি।' সেইসঙ্গে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকেও পুরো বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে।

‘জেড-প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল

এমনিতে ‘জেড-প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা পান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন ৬০-৭০ জন। হুমকি মেলের পরে নিরাপত্তার বহর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। লোকভবন সূত্রে খবর, অতীতেও একাধিকবার রাজ্যপালকে হুমকি দেওয়া হয়েছে। তাও কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে লোকভবন সূত্রে খবর।

রাতেই লোকভবনে হাই-প্রোফাইল বৈঠক

সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যপালের সুরক্ষা নিশ্চিত করতে হাতে হাত মিলিয়ে কাজ করছে সিআরপিএফ এবং রাজ্য পুলিশ। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ আধিকারিকরা পর্যালোচনা বৈঠক করেন। খতিয়ে দেখেন পুরো পরিস্থিতি। কতটা নিরাপত্তা বাড়ানো হবে, তা পর্যালোচনা করে দেখেন তাঁরা।

আর সেইসবের মধ্যেই বিষয়টি নিয়ে মমতা সরকারকে নিশানা করেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে স্বাগত। যেখানে রাজ্যপালও সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। কয়লা পাচার এবং অর্থ পাচারের দায়ে অভিযুক্ত একটি বেসরকারি সংস্থাকে বাঁচানোর জন্য ইডির থেকে অপরাধমূলক ফাইল ছিনিয়ে নিতে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এক চরম বিপর্যয়।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe