...
...
Next Story

WB Heavy Rain Forecast: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গ, ৭ জেলায় হলুদ সতর্কতা

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা দক্ষিণমুখী হয়ে অবস্থান করছে।

Published on: Aug 7, 2026, 14:54:18 IST
Advertisement

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গ। শুক্রবার সকাল থেকেও কলকাতা-সহ একাধিক জেলায় অব্যাহত রয়েছে বৃষ্টি। রাস্তাঘাটে জল জমা, যানজট এবং নিত্যযাত্রীদের দুর্ভোগে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। অনেকেরই আশা ছিল সপ্তাহান্তে হয়তো আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু সেই আশায় আপাতত জল ঢেলেছে আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সাত জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গ।
গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গ।

আবহাওয়াবিদদের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা দক্ষিণমুখী হয়ে অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে।

শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে নিচু এলাকায় জল জমা, গাছ ভেঙে পড়া কিংবা বিদ্যুৎ পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

কলকাতাতেও সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। যাঁদের বেরোতেই হবে, তাঁদের সঙ্গে ছাতা বা রেনকোট রাখার পাশাপাশি জল জমা রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাব কাটতে এখনও কয়েকদিন সময় লাগবে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। বিশেষ করে নদী সংলগ্ন এবং নিচু এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনে প্রশাসন জরুরি ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার দিকে নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা মেনেই চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe