...
...
Next Story

Dilip Ghosh slams Mamata Banerjee: 'তোমার বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি', মমতাকে 'তারকাটা' আখ্যা দিলীপ ঘোষের

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'কাল মাননীয়া একজনকে থাপ্পড় মারলেন। ওঁর তার কেটে গিয়েছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল, কাল দেখলাম সব তার কেটে গেছে। ক্ষমতায় থেকে চোখ রাঙানো যায়, কিন্তু বিরোধী দলে থেকে ধৈর্য ধরতে হয়। শুধু ড্রামা করলে হয় না।'

Published on: Jul 9, 2026, 14:14:28 IST
Advertisement

Dilip Ghosh slams Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির সময় এক দলীয় কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় চড় মারার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সেই ঘটনাকেই সামনে রেখে দিলীপ ঘোষ দাবি করেন, মমতার 'তার কেটে গিয়েছে'। একই সঙ্গে তিনি বলেন, ক্ষমতায় থাকা আর বিরোধী দলে থাকার মধ্যে বড় পার্থক্য রয়েছে।

দিলীপ ঘোষ দাবি করেন, মমতার 'তার কেটে গিয়েছে'। (ANI Video Grab)
দিলীপ ঘোষ দাবি করেন, মমতার 'তার কেটে গিয়েছে'। (ANI Video Grab)

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'কাল মাননীয়া একজনকে থাপ্পড় মারলেন। ওঁর তার কেটে গিয়েছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল, কাল দেখলাম সব তার কেটে গেছে। ক্ষমতায় থেকে চোখ রাঙানো যায়, কিন্তু বিরোধী দলে থেকে ধৈর্য ধরতে হয়। শুধু ড্রামা করলে হয় না।'

এখানেই থেমে থাকেননি তিনি। অতীতের বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গ তুলে দিলীপের দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের একাধিক আন্দোলন দমন করা হয়েছিল। তাঁর অভিযোগ, বিজেপির আন্দোলনের সময় রাস্তায় বাধা দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং নানা ভাবে কর্মীদের হেনস্তা করা হয়েছে। তিনি বলেন, 'এতদিন ড্রামা করেছেন। আপনি লড়াই করুন। আমরাও তো লড়াই করেছি। আমাদের রাস্তায় আটকেছেন, গাড়ি ভেঙেছেন। 'খেলা হবে' গান ডিজে-তে বাজিয়েছেন। সেগুলো মানুষ ভুলে যায়নি।'

প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলির বিক্ষোভ কর্মসূচি ঘিরে বহুবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিভিন্ন আন্দোলনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জের অভিযোগ সামনে এসেছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের সময়ও পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাগুলি নিয়েও দীর্ঘদিন রাজনৈতিক বিতর্ক চলেছে।

এই প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কাল আমাদের ছেলেরা একটু গান বাজিয়েছে, নেচেছে। আমরা জিতেছি, একটু আনন্দ করব না? তোমার বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি। যদি প্রয়োজন হয়, সেটাও করব।' দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বক্তব্যের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe