আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে রাজ্যের প্রায় ৬০,০৬,৬৭৫ ভোটারের নাম নিয়ে এখনও বিভ্রান্তির মেঘ রয়েছে, যা মোট ভোটারদের প্রায় ৮.৫ শতাংশ। এরা যোগ্য ভোটার কি না, তা নিয়ে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের (ইআরও) পরিবর্তে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা। এই আবহে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে দাবি করা হয়েছে, যে সকল ভোটারদের নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তাদের নথিগুলি সাবধানতার সাথে যাচাই-বাছাই করছেন বিচারকরা।

রিপোর্টে দাবি করা হয়, আগে ইআরও-রা গণহারে ভোটারদের নামে অনুমোদন দিচ্ছিলেন। তবে ১১ ফেব্রুয়ারি থেকে নির্বাচন কমিশনের মাইক্রো-পর্যবেক্ষকরা বহু কেস 'ফেরত' পাঠাতে শুরু করেন। আগে এই কেসগুলোতে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিতেই সবচেয়ে বেশি নাম নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদে ১১ লক্ষ, মালদায় ৮.২৮ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনায় ৫.২২ লাখ, উত্তর ২৪ পরগনায় ৫ লাখ ভোটারকে নিয়ে প্রশ্ন রয়েছে। এই জেলাগুলিতেই প্রশ্নবিদ্ধ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, আজ যে তালিকা প্রকাশ পাবে, সেটি কার্যত একটি খসড়া তালিকা। আজ প্রকাশিত তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম থাকতে পারে। কিন্তু এখনও যোগ্য ও অযোগ্য ভোটারদের চূড়ান্ত বাছাই শেষ হয়নি। এই আবহে আজকের তালিকায় প্রশ্নবিদ্ধ ভোটারের নামও থাকবে। এদিকে যাদের তথ্য এখনও যাচাই করা হয়নি, সেই ভোটারদের নামও থাকবে তালিকায়। সেই সব ভোটারের নামের পাশে লেখা থাকবে 'অ্যাডজুডিকেশন' বা 'অমীমাংসিত'। এরপরে নির্বাচন কমিশন একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে। আপাতত প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের পাশে 'অমীমাংসিত' স্টেটাস থাকতে পারে। পরবর্তী তালিকায় নাম থাকলে তবেই ভোটাধিকার নিশ্চিত হবে এই সব 'অমীমাংসিত' ভোটারদের। এদিকে আজকের চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামের পাশে 'ডিলিটেড' লেখা থাকবে। তবে এই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে, তা এখনও জানায়নি নির্বাচন কমিশন।