...
...
Next Story

WB SIR Supplementary List Latest Update: বসিরহাটে একই বুথে BLO-সহ বিচারাধীন ৩৪০ জন ভোটারেরই নাম কাটা গেল তালিকা থেকে

বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথে ৩৪০ জন ভোটারের নাম বিচারাধীন ছিল। বিএলও সহ সেই ৩৪০ জনেরই নাম কাটা পড়ল সাপ্লিমেন্টারি তালিকা থেকে। এর আগে 'চূড়ান্ত তালিকায়' শুধু বসিরহাট মহকুমা থেকেই বাদ গিয়েছে ১৬ হাজার ১২৫ জন ভোটারের নাম বাদ পড়েছিল।

Published on: Mar 25, 2026, 10:50:51 IST
Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাটের একটি বুথের তিনশতাধিক বাসিন্দাদের নাম বাদ পড়ল এসআইআর তালিকা থেকে। চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট বুথের ৩৪০ জন ভোটারের নাম বিচারাধীন ছিল। তবে সাপ্লিমেন্টারি তালিকায় দেখা গেল, এই ৩৪০ জনেরই নাম মুছে ফেলা হয়েছে। এমনকী সেই বুথের বিএলও-র নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে ভোটার তালিকা থেকে। রিপোর্ট অনুযায়ী, বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে। সেই বুথে মোট ৯৫২ জন ভোটার বলে জানা গিয়েছে। এর আগে চূড়ান্ত তালিকায় বসিরহাটে অনেক ভোটারেরই নাম বাদ গিয়েছিল। সেই সময় শুভেন্দু অধিকারীর কুশপুতুল পুড়িয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছিল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছিল, এর আগে ২৮ ফেব্রুয়ারির 'চূড়ান্ত তালিকায়' শুধু বসিরহাট মহকুমা থেকেই বাদ গিয়েছে ১৬ হাজার ১২৫ জন ভোটারের নাম বাদ পড়েছিল। বসিরহাটের উত্তর ও দক্ষিণ বিধানসভা মিলিয়ে সংখ্যাটা সাড়ে চার হাজারের একটু বেশি ছিল।

বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথে ৩৪০ জন ভোটারের নাম কাটা পড়ল সাপ্লিমেন্টারি লিস্ট থেকে। (ছবিটি প্রতীকী) (PTI)
বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথে ৩৪০ জন ভোটারের নাম কাটা পড়ল সাপ্লিমেন্টারি লিস্ট থেকে। (ছবিটি প্রতীকী) (PTI)

জানা গিয়েছে, বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথে ২০২ জন পুরুষ এবং ১৩৮ জন মহিলার নাম বাদ পড়েছে। এর মধ্যে অনেক ভোটারের বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকাতে ছিল বলেও দাবি করা হয়েছে। এদিকে নাম বাদ পড়েছে সেই বুথের বিএলও শফিউল আলমেরও। এরই সঙ্গে শফিউলের দুই ভাই রবিউল আলম ও তরিকুল আলমের নামও বাদ পড়েছে। যদিও শফিউল দাবি করেছেন, ২০০২ সালে শফিউলের বাবার নাম ভোটার তালিকায় ছিল। এমনকী এবারও শফিউলের বাবা হাবিবর রহমানের নাম আছে ভোটার তালিকায়।

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল বলেন, 'বিচারব্যবস্থার উপর আস্থা আছে। কিন্তু, বিজেপির চক্রান্ত ও নির্বাচন কমিশনের প্ররোচনায় মানুষ বঞ্চিত হচ্ছেন। যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, স্বাধীনতার আগে থেকে তাঁরা এখানে থাকেন। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়।' এদিকে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আবার বলেন, 'যাঁরা বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখেছেন, তাঁরাই এই প্রশ্নের জবাব দিতে পারবেন।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe