সংখ্যালঘু অধ্যুষিত পশ্চিমবঙ্গের দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদে কয়েক লাখ ভোটারের নাম নিয়ে এখনও প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এসআইআরের চূড়ান্ত তালিকা অনুযায়ী, মালদায় ৮ লক্ষ ২৮ হাজার ০৮০ জনের নামে ওপর 'আন্ডার অ্যাডজুডিকেশন' লেখা রয়েছে। এদিকে এসআইআরের এই পর্বে জেলার ১২টি বিধানসভা থেকে বাদ পড়েছে ১৮,২৮২ জন ভোটারের নাম। নতুন সংযোজন হয়েছে ৬,৮২৫ জনের নাম।

এদিকে পশ্চিমবঙ্গের অপর এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এখনও প্রশ্নচিহ্নের মুখে প্রায় ১১ লক্ষ ২১ হাজার ভোটারের নাম। শুধুমাত্র সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১ লক্ষ ১৯ হাজার ৯০১ জন ভোটারের নামের ওপর প্রশ্নচিহ্ন রয়েছে। খসড়ার থেকে চূড়ান্ত তালিকায় ১০ হাজার নাম কম রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এর মধ্যে ছ’টি বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকা থেকে ভোটার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাকি ১৬টি বিধানসভা কেন্দ্রেই খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমেছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ৫.২২ লাখ, উত্তর ২৪ পরগনায় ৫ লাখ ভোটারকে নিয়ে প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য, প্রকাশিত তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের নাম রয়েছে। এসআইআরে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এর মধ্যে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। এদিকে নাম জুড়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার ভোটারের। তবে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিচারাধীন পর্যায়ে রয়েছে। তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে অধিকাংশকেই 'নো-ম্যাপিং' বা তথ্যগত অসঙ্গতির জন্য শুনানিতে ডাকা হয়েছিল। এই সব ভোটারদের নাম তালিকায় শেষ পর্যন্ত থাকবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিচারকদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে বিধানসভা ভোটের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে ৬০ লক্ষের বেশি ভোটারের তালিকা প্রকাশ করা হবে।