...
...
Next Story

WB Voter List: ভোটার তালিকা থেকে বাদ প্রাক্তন সাংসদ তথা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর নাম! চিঠি লোকসভা স্পিকার, রাষ্ট্রপতিকে

এসইউসিআই(সি)-র প্রাক্তন সাংসদ ডঃ তরুণ মণ্ডলের নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে। এর আগে তাঁর নাম ছিল বিচারাধীন। তারপরে সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম কেটে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

Published on: Mar 29, 2026, 09:28:33 IST
Advertisement

পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রাক্তন সাংসদের নাম। জানা গিয়েছে, এসইউসিআই(সি)-র প্রাক্তন সাংসদ ডঃ তরুণ মণ্ডলের নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে। এর আগে তাঁর নাম ছিল বিচারাধীন। তারপরে সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম কেটে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এদিকে রাজনীতিতে আসার আগে এই চিকিৎসক কেন্দ্রীয় সরকারের গ্রুপ এ অফিসারও ছিলেন। এই আবহে নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে জানাতে রাজ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়েছিলেন তরুণ মণ্ডল। সেখানে তাঁকে জানানো হয়েছে ট্রাইব্যুনালে আবেদন করা ছাড়া আর কোনও উপায় নেই।

এসইউসিআই(সি)-র প্রাক্তন সাংসদ ডঃ তরুণ মণ্ডলের নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে। (Pitamber Newar)
এসইউসিআই(সি)-র প্রাক্তন সাংসদ ডঃ তরুণ মণ্ডলের নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে। (Pitamber Newar)

এই আবহে তিনি চিঠি পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে। সেই চিঠির কপি পাঠিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও। চিঠিতে তিনি লিখেছেন, 'আমি সাংসদ ছিলাম। আমার এই অবস্থা হলে রাজ্যের সাধারণ মানুষ এখন কোন অবস্থায় রয়েছেন।' উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের সাংসদ ছিলেন তরুণ মণ্ডল। হাওড়ার বি গার্ডেনে তিনি থাকেন। দক্ষিণ হাওড়া বিধানসভার ভোটার তিনি। এসআইআরে তাঁকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। সেই মতো যাবতীয় নথি জমা দিয়েছিলেন তিনি। তবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় তাঁর নামের পাশে ‘ডিলিটেড’ লেখা।

উল্লেখ্য, বাংলায় এসআইআরের 'চূড়ান্ত তালিকায়' ৬৩ লাখ লোকের নাম বাদ পড়েছিল। এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক পর্বে গোটা রাজ্যে বাদ পড়ে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম। এই সব ভোটারের নামে এনুমারেশন ফর্মই জমা পড়েনি। তাই খসড়া তালিকা থেকেই বাদ পড়েছিল তাদের নাম। এর মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, নিখোঁজ ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য ৫৭ হাজার জন। তারপর 'চূড়ান্ত তালিকায়' আরও প্রায় ৫ লাখ ভোটারের নাম বাদ পড়ে। এছাড়া আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম ছিল বিচারাধীন। এই আবহে বিচারাধীন ভোটারদের যোগ্যতা বিচার করতে বিচারপতিদের নিয়োগ করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই মতো বিচারাধীন থাকা ভোটারদের নথি যাচাই বাছাই করে তা নিষ্পত্তি করা হচ্ছে। আর একেক করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই রাজ্য জুড়ে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe