...
...
Next Story

WB Weather & Rain Forecast on 30 June: দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, সপ্তাহান্তে কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস

সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকলেও সপ্তাহের শেষের দিকে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বর্ষার দাপট বাড়বে। সপ্তাহান্তে কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Published on: Jun 30, 2026, 11:15:47 IST
Advertisement

রাজ্যে এবার বৃষ্টির দাপট ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে সরে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকলেও সপ্তাহের শেষের দিকে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বুধবার থেকে বর্ষার দাপট বাড়বে। সপ্তাহান্তে কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বর্ষার দাপট বাড়বে। (Saikat Paul)
দক্ষিণবঙ্গে বুধবার থেকে বর্ষার দাপট বাড়বে। (Saikat Paul)

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। রোদের দেখা তেমন মেলেনি। তবে বৃষ্টির দেখা না মেলায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হয়েছে। আবহবিদদের মতে, বৃষ্টি না হলে আগামী কয়েক দিন গরম ও ভ্যাপসা আবহাওয়া আরও বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই উত্তরবঙ্গে সপ্তাহের প্রথমার্ধে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয়তা ধীরে ধীরে বাড়বে। বুধবার থেকে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জারি থাকবে হলুদ সতর্কতা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী কলকাতার জন্যও সপ্তাহান্তে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। গত ২৪ ঘণ্টায় শহরে ২৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে পারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe