এই সপ্তাহে টানা কালবৈশাখীতে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভালোই ঝড়বৃষ্টি হয়েছিল এর মধ্যে। তবে এবার বৈশাখ পড়তে না পড়তেই গরম বাড়বে রাজ্যে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গে আজ আবার ওপরের পাঁচ জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দুই পাহাড়ি জেলা এবং কালিম্পঙে এর জন্য জারি আছে হলুদ সতর্কতা। উত্তরেও আগামীতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
এরপর ১২ এপ্রিল ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৩ তারিখে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অস্বস্তিকর গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানেও গরমের হলুদ সতর্কতা জারি থাকবে ১৫ থেকে ১৭ তারিখ। কলকাতায় অবশ্য আগামী ১৭ তারিখ পর্যন্ত সর্বোচ্চ পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই যেতে পারে। এই কয়েকদিন কলকাতাতে বিকেলের দিকে আংশিক মেঘলা হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রিপোর্ট অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছিল। তার ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল। আপাতত আর সেই সম্ভাবনা আপাতত আর নেই দক্ষিণবঙ্গে।
এদিকে উত্তরবঙ্গে আগামিকাল এবং পরশু ওপরের পাঁচ জেলায় বৃষ্টি জারি থাকবে। তারপরে ১৪ তারিখ থেকে উত্তরের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ১৭ এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়িতে আগামী ১৭ তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির ঘরে।