অবশেষে দুর্যোগের মেঘ কাটতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আকাশ থেকে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাব দুর্বল হতেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে। ফলে নভেম্বরের শেষ সপ্তাহেই বাংলায় শীতের আমেজ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ ভোর ও রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে বেশি।

গত কয়েক দিন ধরেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অস্থিরতা চলছিল। ঘূর্ণিঝড় অ্যাকভান ওড়িশার গোপালপুরের কাছে উপকূলে আছড়ে পড়ার পর তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার থেকে বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ছিল। কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিও হয়েছে। ফলে নভেম্বরের শেষদিকে শীতের যে স্বাভাবিক আমেজ তৈরি হওয়ার কথা, তা অনেকটাই বাধা পেয়েছিল।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে, অ্যাকভানের অবশিষ্টাংশ শনিবারই দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর ছত্তীসগঢ় এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছিল ওই নিম্নচাপ। এর সঙ্গে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে সেই ব্যবস্থাও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর অ্যাকভানের আর বিশেষ প্রভাব থাকার কথা নয়।
রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা কমেছে। বেশ কিছু জায়গায় রোদও উঠেছে। তবে এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না রাজ্য। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকারই কথা। আপাতত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
এবার নজর তাপমাত্রার দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু তার পরের তিন দিনে রাতের পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া বাংলায় প্রবেশের পথে আর বিশেষ বাধা থাকবে না। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি বাড়বে।
{{/usCountry}}এবার নজর তাপমাত্রার দিকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। কিন্তু তার পরের তিন দিনে রাতের পারদ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া বাংলায় প্রবেশের পথে আর বিশেষ বাধা থাকবে না। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি বাড়বে।
{{/usCountry}}কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অর্থাৎ দিনের বেলায় তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হলেও রাতের দিকে ঠান্ডা বাড়বে। বিশেষ করে ভোরে এবং গভীর রাতে শীতের আমেজ অনুভূত হতে পারে। সব মিলিয়ে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বাংলার আবহাওয়ায় বদলের ইঙ্গিত। বৃষ্টি কমার পাশাপাশি এবার উত্তুরে হাওয়ার দাপট বাড়ার অপেক্ষা। নভেম্বরের শেষ সপ্তাহে কি অবশেষে বাংলায় শীতের প্রবেশ ঘটবে? আপাতত আবহাওয়ার গতিপ্রকৃতি সেদিকেই ইঙ্গিত করছে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।