...
...
Next Story

Madhyamik Routine 2027: ২০২৭ সালের মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ! কবে কোন বিষয়ের পরীক্ষা? দেখে নিন এক নজরে

Madhyamik Routine 2027: প্রকাশিত সূচি অনুযায়ী, দশদিন ধরে পরীক্ষা চলবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু করে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন।

Published on: Jul 13, 2026 05:54 PM IST
Advertisement

Madhyamik Routine 2027: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার জন্য পর্ষদ নির্ধারিত সময়েই এই সূচি ঘোষণা করল।

২০২৭ সালের মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ! (Pic for representation) (HT_PRINT)
২০২৭ সালের মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ! (Pic for representation) (HT_PRINT)

প্রকাশিত সূচি অনুযায়ী, দশদিন ধরে পরীক্ষা চলবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু করে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় পাবেন। অর্থাৎ, পরীক্ষার্থীরা খাতায় লেখার জন্য পুরো ৩ ঘণ্টা সময় পাবে। সোমবার দুপুরে কোন দিন কোন পরীক্ষা, তার বিস্তারিত সূচি জানিয়ে দিয়েছে পর্ষদ।

এক নজরে মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি:

১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) - প্রথম ভাষা

১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা

১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস

১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভুগোল

২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- গণিত

২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান

২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান

২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ঐচ্ছিক বিষয়

পর্ষদের তরফে জানানো হয়েছে, বাংলা, ইংরেজি-সহ ১২টি বিষয়ে প্রথম ভাষা এবং ইংরেজি, বাংলা ও নেপালি বিষয়ের ওপর দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। তবে ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর। বেশ কিছু নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার সময়সূচীতে কিছুটা রদবদল রয়েছে। যেমন, ‘সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফ্ট’ বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। ‘ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক’-এর জন্য সময় বরাদ্দ করা হয়েছে সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১টা পর্যন্ত। কম্পিউটার অ্যাপ্লিকেশনের লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় ধার্য করা হয়েছে, তবে এর প্র্যাক্টিক্যাল পরীক্ষা স্কুলগুলিকেই পরিচালনা করতে হবে। বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে সময়সীমা ১ ঘণ্টা ৪৫ মিনিট। পর্ষদের এই ঘোষিত সূচি মেনে পরীক্ষার্থীদের এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

 
SHARE THIS ARTICLE ON