টি২০ ক্রিকেটের আঙিনায় মহিলা বিশ্বকাপ থেকে শুরু করে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পুরুষদের টিমের খেলা, সবেতেই ভারতীয় দলের পারফরম্যান্সে মন ভেঙেছে ফ্যান-কূলের! তবে টি২০ মেজাজ ধরে রেখে তার ব্যাটিং পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে বাংলার বৃষ্টি! সোমবারও আকাশ কালো করে শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা ভিজিয়েছে বর্ষণ। সঙ্গে দোসর হয়ে এসেছিল দমকা হাওয়া! হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সপ্তাহ জুড়েই রয়েছে এমন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণের অঝোর বর্ষণের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই উত্তরে দুর্যোগের মেঘ এখনই কাটছেনা!

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এছাড়াও মঙ্গলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। রয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবারের পর বুধবারেও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় মাঝারি বর্ষণের সঙ্গে বইতে পারে ঝড়। ধড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বুধবার ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বর্ষণের সম্ভবানা রয়েছে। রবিবার ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর ও বাঁকুড়ায়।
দুর্যোগের বর্ষণ থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরের বাকি জেলায় ঝড় বৃষ্টি চলবে। বুধবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে খানিকটা কমতে পারে উত্তরবঙ্গের ঝড়বৃষ্টি।