পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতলে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী? আজ বীরভূমের খয়রাশোলে জনসভা থেকে এই নিয়ে বড় একটি মন্তব্য করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, 'বিজেপি জিতলে এমন একজন মুখ্যমন্ত্রী হবেন যিনি বাংলায় কথা বলেন এবং যিনি বাংলায় বড় হয়েছেন।' প্রসঙ্গত, তৃণমূল বরাবরই বিজেপিকে 'বহিরাগত' দল হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই আবহে নিজেদের বাঙালি প্রেম তুলে ধরতে মরিয়া বিজেপি।

আজ অমিত শাহ বলেন, 'এরা বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে পারে না। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর ভেঙে দেওয়া হয়েছে। মোদীজি শান্তিনিকেতনকে ইউনেস্কো-র স্বীকৃতি এনে দিয়েছেন। বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা বানানোর কাজ করেছেন মোদীজি।' এদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে অমিত শাহ বলেন, 'রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও বাংলার মা-বোনেদের তিনি সুরক্ষা দিতে পারেন না। রাতে কেন কেউ বাইরে বেরিয়েছেন, তা জিজ্ঞাসা করেন। তবে আমরা ক্ষমতায় এলে এমন বাংলা তৈরি করব যেখানে রাত ১টাতেও মেয়েরা স্কুটিতে বেরোতে পারবে। কোনও আরজি কর বা দুর্গাপুর হবে না। মেয়েরা সর্বত্র সুরক্ষিত থাকবে।'
দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ দেগে শাহ বলেন, 'জলজীবন মিশন-এর কোটি কোটি টাকা কোথায় গেল? তৃণমূলের গুন্ডারা সেই টাকা খেয়ে নিয়েছে। ২৬ হাজার শিক্ষকের চাকরি নিয়ে দুর্নীতি কে করল? পুরনিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মনরেগা দুর্নীতি, প্রধানমন্ত্রীর আবাস যোজনার দুর্নীতি, তৃণমূলের সময় শুধু দুর্নীতিই হয়েছে। এদিকে অনুপ্রবেশ এবং ইউসিসি নিয়েও আজ মুখ খোলেন অমিত শাহ। তিনি বলেন, 'তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না। আমরা ক্ষমতায় এলে ৮ মে-র পরে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেব। আমরা ক্ষমতায় এলে ইউসিসি চালু করব। যাঁরা চার বার বিয়ে করেন, সেটা বন্ধ হয়ে যাবে।'