Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন উত্তপ্ত ভবানীপুর। শুভেন্দু অধিকারীকে আজ রাস্তায় দৌড়াতে দেখা যায় তৃণমূল কর্মীদের তাড়া করে। সেই শুভেন্দুকেই আবার আজ দেখা যায় তৃণমূল ক্যাম্পে। সেখানে ঘাসফুল শিবিরের কর্মীদের সঙ্গে হেসে খেলে কথা বলেন তিনি। তৃণমূল কর্মীদের সঙ্গে হাত মেলান। আবার ঠান্ডা পানীয়ও খেলেন তিনি। প্রসঙ্গত, এবারের ভোটের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই রয়েছে ভোটের ময়দানে। ভবানীপুর আসনে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৫.৬৬ শতাংশ।

এদিকে সাধারণত কোনও ভোটের দিনই সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে বের হতে দেখা যায় না। তবে এবার সেই 'প্রথা' ভাঙলেন তৃণমূল সুপ্রিমো। আজ সকাল সকাল ভোটদান পরিদর্শন করতে রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি যান ফিরহাদ হাকিমের পাড়া চেতলায়। এদিকে ভোট পরিদর্শনে বেরিয়ে সংবাদমাধ্যমকে মমতা জানান, তাঁর রাতে ঘুম হয়নি। এদিকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, জায়গায় জায়গায় তৃণমূলের পোস্টার খুলে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের তুলে নেওয়া হচ্ছে।
মমতা বলেন, 'কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা বলছেন, অর্ডার মানব না। আমাদের সব ছেলেদের তুলে নিচ্ছে।' এরপর তৃণমূল সুপ্রিমো আরও বলেন, 'আজ মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম। সারা রাত এই কাজগুলি করেছি। তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হয়েছে। ধাক্কা দেওয়া হয়েছে।' মমতা বলেন, 'ওর বউ জানায় বাবাই বাড়িতে নেই, তাও ওরা ঢোকে।' এদিকে ফিরহাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী যাওয়ার ঘটনা নিয়ে মমতা বলেন, 'ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত।' এদিকে আজ খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করতে চলেছেন মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। অপরদিকে দুপুর পার কের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে মমতা বলেন, 'আমার কাছে যা তথ্য আছে, বিজেপি হারছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস, দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'