Central Force in WB: দলের বুথ অফিসে কেন্দ্রীয় বাহিনী ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অভিযোগ, মিনাখাঁ বিধানসভার শালিপুর অঞ্চলের ৩২ও ৪০ নাম্বার বুথে এই ঘটনাটি ঘটে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, 'কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে এই চালিয়েছে, দলের কর্মীদের মেরেছে।' এদিকে মিনাখাঁয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে গতকাল থেকেই। এই আবহে ভোটারদের নিশ্চিন্তে বুথে যেতে দেওয়ার জন্য রাত থেকেই তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী।

এই আবহে মিনাখাঁ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়া থেকে গ্রেফতার করা হল এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যকে। ধৃত তৃণমূল নেতার নাম রউফ মোল্লা। জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগের রাতে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিলেন।
রিপোর্ট অনুযায়ী, মিনাখাঁয় রাত থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটরদের যাতে প্রাভাবিত না করা যায়, তার জন্য লক্ষাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে রাজ্যে। তা সত্ত্বেও জায়গায় জায়গায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। এই নিয়ে মিনাখাঁর আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল বলেন, 'স্থানীয় তৃণমূল নেতা তার দলবল নিয়ে এসে সাধারণ মানুষকে ভোট দিতে বারণ করছে। রাতের অন্ধকারে এবং হুমকি দিচ্ছে। সাধারণ মানুষ যাতে ভোট না দিতে আসে। সাধারণ মানুষ ভোট দিলেই তৃণমূলের হার নিশ্চিত। সেটাই জানতে পেরে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায়।'