...
...
Next Story

West Bengal Assembly Vote: 'গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান মমতা', তৃণমূল প্রার্থীর কাণ্ডে হাতে হাতিয়ার বিজেপির

ভোট প্রচারের পোস্টের একটি হ্যাশট্যাগ ছিল - বাংলাদেশ ভোট। বির্তকের মুখে তড়িঘড়ি পোস্টটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। আর ভোটের আগে লাভলি নিজে হাতেই যেন বিজেপির হাতে হাতিয়ার তুলে দিলেন।

Published on: Apr 8, 2026, 11:13:59 IST
Advertisement

ভোট হচ্ছে এপার বাংলায়। সেই বিধানসভা ভোটে সোনারপুর দক্ষিণের আসন থেকে এবার শাসকদল তৃণমূলের প্রার্থী হয়েছেন লাভলি মৈত্র। এই আবহে ভোটারদের কাছে সমর্থনের আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল নেত্রী। এই পর্যন্ত সবটাই ঠিক ছিল। তবে পোস্টে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছিল। আর তাতেই হয় 'বিপত্তি'। সেই পোস্টের একটি হ্যাশট্যাগ ছিল - বাংলাদেশ ভোট। যা নিয়ে এবার সরব হয়েছে বিজেপি। পরে বির্তকের মুখে তড়িঘড়ি পোস্টটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে। আর ভোটের আগে লাভলি নিজে হাতেই যেন বিজেপির হাতে হাতিয়ার তুলে দিলেন।

লাভলি মৈত্রের পোস্টে 'বাংলাদেশ ভোট' হ্যাশট্যাগ, মমতাকে আক্রমণ শুভেন্দুর (Hindustan Times)
লাভলি মৈত্রের পোস্টে 'বাংলাদেশ ভোট' হ্যাশট্যাগ, মমতাকে আক্রমণ শুভেন্দুর (Hindustan Times)

লাভলির উক্ত পোস্টে লেখা ছিল, 'সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন। #সোনারপুরদক্ষিণ #ভোটদিবা #নাগরিকদায়িত্ব #আপনারকণ্ঠ #ভোটেরশক্তি #বাংলাদেশভোট #সচেতননাগরিক #ভবিষ্যৎগড়ি'। এই পোস্টের পরিপ্রেক্ষিতে সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে বলেন, 'বুঝতে পারছি না উনি বাংলাদেশে লড়ছেন কি না! নাকি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন? ওখান থেকে হয়তো বাংলাদেশি ভোটারদের ভরসাতেই লড়ছেন লাভলি।'

উল্লেখ্য, এসআইআরের সময় থেকেই বিজেপি অভিযোগ করে আসছে, তৃণমূল আদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটের ভরসায় জিতে আসছে। তাই এসআইআরে 'অবৈধ' ভোটারদের নাম কাটা নিয়ে তাদের এত সমস্যা। এই আবহে লাভলির পোস্টে হ্যাশট্যাগ ইস্যু যেন বিজেপির হাতে হাতিয়ার তুলে দিয়েছে। এহেন পরিস্থিতিতে সরব হয়েছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। এটা তাঁদের পরিষ্কার এজেন্ডা।' এদিকে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আবার বলেন, 'বাংলার ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে এটাই কি তৃণমূলের দৃষ্টিভঙ্গি?' এদিকে এই বিষয়টি নিয়ে বিজেপি অযথা জলঘোলা করছে বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তাঁর কথায়, 'বর্তমানে সব প্রার্থীরই সোশ্যাল মিডিয়া দেখার জন্য আলাদা লোক থাকে। হয়তো তাঁদেরই কারও ভুলে এটি হয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe