...
...
Next Story

New School Textbooks: পালাবদলের বাংলায় বড় বদল! প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি-পাল্টে যাচ্ছে একাধিক পাঠ্যবই: Report

New School Textbooks: উচ্চ প্রাথমিক স্তরেও আসছে একাধিক পরিবর্তন। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণিতে ইতিহাস ও ভূগোলের পাঠ্যবইয়ের নাম বদলানো হচ্ছে।

Published on: Nov 26, 2026, 21:21:04 IST
Advertisement

New School Textbooks: সরকার পরিবর্তনের পর রাজ্যের স্কুলশিক্ষায় বড়সড় বদলের উদ্যোগ। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭ টি পাঠ্য বইয়ের নাম পরিবর্তন করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা দফতর। ইতিমধ্যেই কোন শ্রেণিতে কোন পুরনো বইয়ের জায়গায় নতুন বই আসছে, তার তালিকা প্রকাশ্যে এসেছে। তবে সিলেবাসে বদল হচ্ছে কিনা তা এখনও জানা সম্ভব হয়নি বা জানা যায়নি।

প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি: কোন বইয়ের বদলে কী?

প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি-পাল্টে যাচ্ছে একাধিক পাঠ্যবই (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি-পাল্টে যাচ্ছে একাধিক পাঠ্যবই (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তর থেকেই শুরু হচ্ছে পরিবর্তন। এতদিনের ‘কাটুম কুটুম’ বইয়ের পরিবর্তে পড়ুয়ারা পাবে ‘রেখাচিত্র।’ অন্যদিকে, ‘মজারু’-র জায়গায় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ‘রং ও রেখা।’

প্রথম শ্রেণিতে ‘আমার বই’-এর পরিবর্তে আসছে ‘নবপল্লব।’ দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রেও পুরনো ‘আমার বই’ সরিয়ে চালু করা হচ্ছে ‘নবদিগন্ত।’ তৃতীয় শ্রেণিতে ‘পাতাবাহার’-এর পরিবর্তে পড়ুয়ারা পড়বে ‘নবাঙ্কুর।’ চতুর্থ শ্রেণিতে ‘পাতাবাহার’-এর জায়গা নিচ্ছে ‘উন্মেষ।’ পঞ্চম শ্রেণির জন্য নতুন বইয়ের নাম ‘নবদিশারী।’ অর্থাৎ, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভাষা ও অন্যান্য বিষয়ের একাধিক পরিচিত পাঠ্যবইয়ের বদলে নতুন নামের বই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি: ইতিহাস ও ভূগোলের বইয়েও বদল

উচ্চ প্রাথমিক স্তরেও আসছে একাধিক পরিবর্তন। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণিতে ইতিহাস ও ভূগোলের পাঠ্যবইয়ের নাম বদলানো হচ্ছে। একই সঙ্গে শ্রেণিভিত্তিক বিষয়বস্তুর বিন্যাসেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। ষষ্ঠ শ্রেণিতে এতদিনের ‘অতীত ও ঐতিহ্য’-এর পরিবর্তে আসছে ‘প্রাচীন ইতিহাস।’ ‘আমাদের পৃথিবী’ বইটির বদলে পড়ুয়ারা পাবে ‘ভূ পরিচয়।’ সপ্তম শ্রেণিতে ‘অতীত ও ঐতিহ্য’-এর জায়গায় নতুন বইয়ের নাম ‘মধ্য ইতিহাস’। এই শ্রেণিতেও ‘আমাদের পৃথিবী’-র পরিবর্তে চালু হচ্ছে ‘ভূ পরিচয়।’ অষ্টম শ্রেণির ক্ষেত্রে ‘অতীত ও ঐতিহ্য’-এর বদলে আসছে ‘আধুনিক ইতিহাস।’ পাশাপাশি, ‘আমাদের পৃথিবী’-র পরিবর্তে এই শ্রেণির পড়ুয়ারাও পড়বে ‘ভূ পরিচয়।’

সব মিলিয়ে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পাঠ্যবইয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য সরকার। নতুন বইগুলিতে কী ধরনের বিষয়বস্তু থাকছে এবং কবে থেকে সেগুলি পড়ুয়াদের হাতে পৌঁছবে, তা নিয়ে এখন নজর অভিভাবক ও শিক্ষামহলের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks