...
...
Next Story

'মেয়ের উপরে অত্যাচার...,' নারীসুরক্ষা নিয়ে উদ্বিগ্ন খোদ বাংলার মন্ত্রী, জোর চাপানউতোর

নারী সুরক্ষা নিয়ে মন্ত্রী অবশ্য কোনও রাজ্যের নাম উল্লেখ করেননি। ফলে এ রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন, না সামগ্রিক ভাবে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

Published on: Dec 27, 2025, 18:26:53 IST
Advertisement

'খবরের কাগজ পড়তে এখন ভয় হয়। এই বুঝি আবার কোনও মেয়ের উপরে অত্যাচার হল।' রাজ‍্যের নামোল্লেখ না করেই নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। রাজ্যে ক্রমশ নারী নির্যাতন বেড়েই চলেছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও সে অভিযোগ নস্যাৎ করে শাসক শিবির। এই পরিস্থিতিতে উল্টো সুর রাজ্যে মৎস্যমন্ত্রীর।

নারীসুরক্ষা নিয়ে উদ্বিগ্ন খোদ বাংলার মন্ত্রী
নারীসুরক্ষা নিয়ে উদ্বিগ্ন খোদ বাংলার মন্ত্রী

নারী সুরক্ষা নিয়ে মন্ত্রী অবশ্য কোনও রাজ্যের নাম উল্লেখ করেননি। ফলে এ রাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে তিনি উদ্বিগ্ন, না সামগ্রিক ভাবে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়। আবার, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে মেয়েরা সুরক্ষিত, এমন দাবিও তাঁকে করতে শোনা যায়নি। তাই খোদ রাজ্যের মন্ত্রীর মুখে এমন মন্তব্যে নানা মহলে উঠেছে বিতর্কের ঝড়। যদিও পরে বিপ্লব রায়চৌধুরী দাবি করেন, মেয়েদের সুরক্ষা এবং উন্নতির জন্য প্রভূত প্রচেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কী বলেছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী?

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পাশেই আরএসএ ময়দানে নন্দিনী মেলা উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, তৃণমূল নেতা নিতাই সার, অমিয় ভট্টাচার্য, হাবিবুর রহমান। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, রামনগর ১ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল চট্টোপাধ্যায়ও অনুষ্ঠানে ছিলেন। সকলের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, 'খবরের কাগজ পড়তে এখন ভয় হয়। এই বুঝি আবার কোনও মেয়ের উপরে অত্যাচার হল। তার জন্য আমাদের লজ্জা হয়। তবে এখন আর লজ্জা করার জায়গা নেই। লজ্জা ভেঙে আরও বেশি করে ঘরের মেয়েদের এগিয়ে দিতে হবে। তারা যেন আরও বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারে।' তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। তবে সকলে এগোচ্ছে না। এখনও অনেকেই পিছিয়েই রয়েছেন। তবে একটাই আশার কথা, মেয়েদের স্কুলে বাড়ছে ছাত্রীর সংখ্যা।' তিনি এও বলেন, 'কিছু কিছু খারাপ লোক আছে যারা সমাজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা চাই তাদেরকে সতর্ক করতে।' পুলিশ-প্রশাসনকে আরও সতর্ক হওয়ার বার্তাও দেন মন্ত্রী।

তবে বিপ্লব রায়চৌধুরী দাবি করেছেন, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। তাঁর কথায়, ‘রাজ্যে মেয়েরা অসুরক্ষিত, এ কথা আমি বলিনি। এ রাজ্যে নারীরা শিক্ষায় অনেক এগিয়ে, কাজের জায়গাতেও এগিয়ে। কিছু নিচু শ্রেণির মানুষ নারীদের অসম্মান করেন, অত্যাচারের চেষ্টা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছেন।' তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশে নারীদের কী ভয়ঙ্কর অবস্থা, সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট। ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর নির্যাতিতা এবং তাঁর মাকে দিল্লি পুলিশ ধাক্কা মেরে তুলে দিচ্ছে। মৎস্যমন্ত্রীও সেটাই বলতে চেয়েছেন।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe