...
...
Next Story

নাগরিকত্ব শঙ্কায় মতুয়ারা! শরণার্থীদের আশ্বাস, বঙ্গ BJP-কে মাথা না ঘামানোর পরামর্শ শাহের

ইতিমধ্যে এসআইআর ইস্যুতে মতুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল-সহ সব রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে বিজেপির মতুয়া ভোট ব্যাঙ্ক অটুট থাকবে কিনা, সেই প্রশ্ন উঠেছে।

Published on: Dec 31, 2025, 23:05:12 IST
Advertisement

এসআইআরের খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই দেখা গিয়েছে নাম নেই বহু মতুয়ার। স্বাভাবিকভাবেই নাগরিকত্ব নিয়ে আতঙ্কে তাঁরা। আন্দোলনের পথে হেঁটেছে মতুয়াদের একাংশ। সেই সঙ্গে মতুয়া ইস্যুতে লাগাতার বিজেপিকে তোপ দেগে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী এর প্রভাব পড়বে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ বিজেপিতেও। এই আবহে মতুয়া ইস্যুতে বঙ্গ বিজেপির নেতাদের ভাবনাচিন্তা না করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব শঙ্কায় মতুয়ারা! (@AmitShah)
নাগরিকত্ব শঙ্কায় মতুয়ারা! (@AmitShah)

মঙ্গলবার কোর গ্রুপের সঙ্গে বৈঠকে অমিত শাহ জানিয়েছেন, ভারতে আসা অমুসলিম সব শরণার্থী নাগরিকত্ব পাবেন। মতুয়াদের বিষয়টি তিনি নিজে দেখে নেবেন বলেও জানান। একুশের বিধানসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই সঙ্কটে পড়েছেন বিভিন্ন জেলায় বসবাসকারী মতুয়ারা। অনেকের কাছেই এসআইআর-এর জন্য প্রয়োজনীয় কাগজ বা নথি নেই বলে অভিযোগ উঠেছে। আবার বহু জায়গায় এই মতুয়ারা নির্বাচনে একটি 'ডিসাইডিং ফ্যাক্টর।' ইতিমধ্যে এসআইআর ইস্যুতে মতুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল-সহ সব রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে বিজেপির মতুয়া ভোট ব্যাঙ্ক অটুট থাকবে কিনা, সেই প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের সময়ও মতুয়া ইস্যুতে তাঁকে খোঁচা দিয়েছিল তৃণমূল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর-র ভোটার তালিকায় মতুয়াদের নাম থাকা নিয়ে তাঁর বাংলা সফরে যে প্রশ্ন উঠবে, তা আগে থেকেই জানতেন অমিত শাহ।

কোর গ্রুপের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, 'অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্কে পরিণত করা তৃণমূল সরকারের এই বিধানসভা নির্বাচনে বিদায় নিশ্চিত। আজ কলকাতায় পশ্চিমবঙ্গ বিজেপির কোর গ্রুপ ও প্রবাসী কার্যকর্তাদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করেছি।' তৃণমূলকে নিশানা করে তিনি লেখেন, ‘মা, মাটি, মানুষ’ স্লোগান তুলে বাংলার ক্ষমতায় আসা মমতা সরকারের আমলে নারীরা আজ অসুরক্ষিত, মাটি অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত হয়েছে এবং দুর্নীতিতে অতিষ্ঠ মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। বিজেপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে তৃণমূলের তোষণ ও দুর্নীতির মুখোশ উন্মোচন করবে এবং বাংলায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe