...
...
Next Story

'নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন...,' শুভেন্দুর 'সমীকরণে' ব্রাত্যর তোপ 'EVM হ্যাক'

বিজেপির আত্মবিশ্বাসী অঙ্ক নিয়ে ব্রাত্য বসুর এই প্রশ্নের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

Published on: Mar 26, 2026, 18:29:53 IST
Advertisement

আগে ছিল ২০০ পার, কিন্তু এবার হিসাব কষে ১৭৭ প্লাস আসন বিজেপি পাবে, তা রীতিমতো অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু নির্বাচনের আগেই এই সংখ্যা কীভাবে তিনি বলে দিতে পারেন, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু বলেন, 'নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?' তৃণমূল নেতার খোঁচা, 'তবে কী ইভিএম হ্যাক করার পরিকল্পনা হয়ে গিয়েছে? আমরা সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না।'

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর
ইভিএম কারচুপি নিয়ে তোপ ব্রাত্য বসুর

বুধবার অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মণ্ডলের সমর্থনে কর্মিসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি চ্যালেঞ্জ করেন, '২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ২০১৬ এবং ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যয়!' কিন্তু কীভাবে এই সমীকরণ শুভেন্দুর? তার ব্যাখ্যা দিতে গিয়েই ভোটার তালিকা সংশোধনের বিষয়টি খাড়া করেন তিনি। আবার উঠে আসে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের তত্ত্ব। তাঁর কথায়, 'প্রথম রাউন্ড ব্রেকফাস্ট। তাতে গিয়েছে ৫৮ লক্ষ। লাঞ্চে গিয়েছে ৭ লক্ষ। এখনও ডিনার হয়নি।'

তৃণমূলের প্রতিক্রিয়া

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'শুভেন্দু অধিকারী কীভাবে নিশ্চিতভাবে ১৭৭ আসনের কথা বলছেন? ভোট এখনও হয়নি, ফল প্রকাশ অনেক দূরের কথা, তবুও এত নির্দিষ্ট সংখ্যা কীভাবে জানলেন?' এরপরেই তাঁর কটাক্ষ, 'তবে কী আগে থেকেই কিছু পরিকল্পনা হয়ে রয়েছে? ইভিএম হ্যাকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।' বিজেপির আত্মবিশ্বাসী অঙ্ক নিয়ে ব্রাত্য বসুর এই প্রশ্নের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে বিজেপির আত্মবিশ্বাসী অঙ্ক, অন্যদিকে তৃণমূলের তীব্র প্রশ্ন, ভোটের আগেই ফল ঘোষণা কী শুধুই রাজনৈতিক কৌশল, নাকি এর নেপথ্যে অন্য কোনও ইঙ্গিত লুকিয়ে আছে?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe