...
...
Next Story

বেনজির জটিলতা! DGP নিয়োগ ঘিরে নয়া নির্দেশিকা ক্যাটের, জল্পনা শুরু নবান্নে

রাজ্য পুলিশে স্থায়ী ডিজি নিয়োগে নিয়ে গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। আগামী ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজি-র পদ থেকে অবসর নেওয়ার কথা আইপিএস রাজীব কুমারের।

Published on: Jan 21, 2026, 16:06:29 IST
Advertisement

পশ্চিমবঙ্গের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজি) নিয়োগ ঘিরে দীর্ঘদিনের প্রশাসনিক টানাপোড়েনে ইতি টানতে কড়া বার্তা দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)। ট্রাইবুনাল স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছিয়েছে নবান্নে।

DGP নিয়োগ ঘিরে নয়া নির্দেশিকা ক্যাটের (সৌজন্যে টুইটার)
DGP নিয়োগ ঘিরে নয়া নির্দেশিকা ক্যাটের (সৌজন্যে টুইটার)

জানা গিয়েছে, ডিজি নিয়োগ নিয়ে ট্রাইবুনালে মামলা করেছিলেন ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার। তাঁর মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল কিংবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে এবং নির্দেশিকা অনুসারে প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। ঘটনাক্রমে যত দ্রুত সম্ভব প্রাপ্ত প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। আগামী ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। বর্তমানে আইপিএস অফিসার রাজেশ কুমার রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। আইপিএস অফিসারের মামলায় বুধবার ক্যাট জানিয়েছে, রাজ্য সরকারের জন্য কোনও আইপিএস অফিসারকে বঞ্চিত করা যায় না।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, ডিজি পদের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা দিতে হয় ইউপিএসসি-কে। সেখান থেকে তিন জনের নাম আসে রাজ্যের কাছে। রাজ্যকে তাঁদের মধ্যে একজনকে বেছে নিতে হয়। এবং স্থায়ী ডিজি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বা তাঁর মনোনীত সদস্য, কেন্দ্রীয় আধাসেনার কোনও ডিজি, ইউপিএসসি-র এক জন প্রতিনিধি, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিব এবং বিদায়ী স্থায়ী ডিজি বৈঠক করে সিদ্ধান্ত নেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe