...
...
Next Story

'অনেকেই চেয়েছেন...,' BJPর নয়া প্রার্থী তালিকায় স্ত্রী রিঙ্কুর নাম? বিস্ফোরক দিলীপ ঘোষ

সূত্রের খবর, বিজেপির ৩৯ আসনের প্রার্থী তালিকা নিয়ে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Published on: Mar 22, 2026, 16:18:06 IST
Advertisement

২০২৬-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর দু'দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু কোনওটিতেই নাম নেই মেদিনীপুরের দাপুটে নেতা দিলীপ ঘোষের স্ত্রী তথা বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের। এনিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। তবে এখনও রাজ্যের ৩৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি গেরুয়া শিবির। সূত্রের খবর, শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হতে পারে। নয়া তালিকায় কী স্ত্রীর নাম থাকতে পারে? রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কী বললেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ?

বিস্ফোরক দিলীপ ঘোষ
বিস্ফোরক দিলীপ ঘোষ

সূত্রের খবর, বিজেপির ৩৯ আসনের প্রার্থী তালিকা নিয়ে রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এই আবহে স্ত্রী রিঙ্কু মজুমদারের টিকিট না পাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'দলের প্রত্যেক কর্মীর অধিকার আছে নিজের দাবি জানানোর। হাজার হাজার লোক টিকিটের জন্য আবেদন জানিয়েছিলেন, তিনিও (রিঙ্কু) করেছিলেন, এবার দল দেবে কী দেবে না দল ঠিক করবে। অনেকেই চেয়েছেন, কেউ পেয়েছেন, কেউ পাননি।' উল্লেখ্য, নিউটাউন-রাজারহাট থেকে লড়ার ইচ্ছা ছিল দিলীপ পত্নী রিঙ্কুর, কিন্তু নাম নেই তালিকায়। সেই আক্ষেপ নিয়েই সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আগেই বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন রিঙ্কু মজুমদার। নিজের বায়োডেটাও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, নিউটাউন-রাজারহাট কেন্দ্রে তাঁর নাম নেই। এরপরই প্রকাশ্যে আসে তাঁর ক্ষোভ।

মুখ্যমন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের

রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ইদ উদযাপন করলেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা। রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে তৎপরতা বাড়াচ্ছেন। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। নীতিন নবীনের কলকাতা সফর প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, 'এটা দলের একটি প্রক্রিয়া। ভোট ঘোষণার আগেই অনেক নেতা আসছেন। আমাকেও ডাকা হয়েছে।' পাশাপাশি নির্বাচনী প্রচারে কবে নামবেন, সেই প্রশ্নে তিনি জানান, 'এখনও সে ভাবে প্রচার শুরু করিনি। খুব শীঘ্রই শুরু করব।'

প্রার্থী ঘিরে অসন্তোষ

বিধানসভা নির্বাচন ঘোষণার পর প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূল কংগ্রেস, বিজেপির কর্মী-সমর্থকরা দিকে দিকে অসন্তোষ জানাচ্ছেন। বিক্ষোভ, ভাঙচুরও হয়েছে। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, 'যেখানে জেতার সম্ভাবনা বেশি থাকে, সেখানে এই ধরনের সমস্যা বেশি হয়।' একই সঙ্গে তাঁর কটাক্ষ, 'তৃণমূল, বিজেপি বিক্ষোভ করছে, কিন্তু সিপিএম, কংগ্রেসের এসব হয় না, কারণ তাদের লোক, জেতার সম্ভাবনা নেই।' তবে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে পদ্ম নেতা বলেন, 'দু'দিন এই বিক্ষোভ-রাগ হয়, আবার সকলে মিলে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য লেগে পড়েন।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks