...
...
Next Story

Satabdi Roy: 'দিদির সঙ্গে আছি!' জোড়া ফুল ছাড়লেও শতাব্দীর হৃদয়ে এখনও মমতা, কেন এমন বললেন সাংসদ?

Satabdi Roy: বর্তমান পরিস্থিতিতে তৃণমূল সম্পর্কে কোনও কথা বলেননি বীরভূমের সাংসদ। তবে তিনি দিদির সঙ্গে আছেন, সেই কথা জানিয়েছেন। শুধু তাই নয়, বারুইপুরের ঘটনা নিয়েও মন্তব্য করেছেন শতাব্দী রায়।

Published on: Jul 6, 2026, 21:34:32 IST
Advertisement

Satabdi Roy: 'দিদির সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি।' তৃণমূল কংগ্রেসের অন্দরে টানাপোড়েনের মধ্যেই বিতর্ক উসকে এমনই মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। পালাবদলের পর বঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। বিধানসভা থেকে সংসদ, নেমেছিল চরম বিপর্যয়। বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধায়কদের পাশাপাশি তৃণমূলের লোকসভার সাংসদরাও বিদ্রোহী হয়েছিলেন। ২০ জন লোকসভার সাংসদ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) দলে যোগ দিয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে অন্যতম শতাব্দী রায়।

জোড়া ফুল ছাড়লেও শতাব্দী রায়ের হৃদয়ে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়! (ANI Video Grab  )
জোড়া ফুল ছাড়লেও শতাব্দী রায়ের হৃদয়ে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়! (ANI Video Grab )

বর্তমান পরিস্থিতিতে তৃণমূল সম্পর্কে কোনও কথা বলেননি বীরভূমের সাংসদ। তবে তিনি দিদির সঙ্গে আছেন, সেই কথা জানিয়েছেন। শুধু তাই নয়, বারুইপুরের ঘটনা নিয়েও মন্তব্য করেছেন শতাব্দী রায়। সম্প্রতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'দলবদলু'দের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন। সেই আবহেই শতাব্দী রায় বলেন, 'দিদির সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি।' সেই সঙ্গে তিনি যে এনসিপিআই-তেই রয়েছেন, সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন বীরভূমের সাংসদ। আগেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা দুই দলে ভাগ হয়ে গিয়েছেন। রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত শিবিররা নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করেছেন। দলীয় প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে দরবার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। 'কালীঘাট তৃণমূল'ও দলের প্রতীকের দাবি জানিয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সাংসদের সঙ্গে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যোগাযোগ রয়েছে? সেই জল্পনা চলছেই। এই প্রসঙ্গে এদিন শতাব্দী রায় বলেন, 'বিধায়কদের সঙ্গে আমার কোনও কথা হয়নি। বিধায়কদের ব্যাপারে আমি কিছু জানি না।' ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সাংসদ। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা মৃত্যু ও ধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। পুকুর থেকে নিথর দেহ উদ্ধারের পর থেকেই উত্তপ্ত এলাকা। ঘটনাটিকে ‘জঘন্যতম’ আখ্যা দিয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির (ক্যাপিটাল পানিশমেন্ট) আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ দ্রুত তদন্তে নেমে মূল অভিযুক্ত-সহ অন্যান্যদের গ্রেফতার করেছে। সোমবার বারুইপুরের ঘটনা নিয়েও মন্তব্য করেছেন বীরভূমের সাংসদ। তিনি বলেন, 'বারুইপুরে যে ঘটনাটি ঘটেছে, আইন অনুযায়ী দোষীদের শাস্তি হওয়া উচিত এবং তারা শাস্তি পাবে বলেই আমি বিশ্বাস করি।' এবার বিধানসভা নির্বাচনের পর আর বীরভূমে নিজের সংসদীয় এলাকায় যাননি শতাব্দী রায়। তবে আজ, সোমবার সিউড়িতে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে পুলিশ সুপারের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। শুধু তাই নয়, রামপুরহাটে নিজের ফ্ল্যাটেও গিয়েছিলেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe