...
...
Next Story

West Bengal Weather Update: মহালয়ায় কী বৃষ্টিতে ভিজবে বাংলা? পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানুন হাওয়া অফিসের খবর

West Bengal Weather Update: মহালয়ার দিন, ১০ অক্টোবর, দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে কয়েকটি জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

Published on: Oct 9, 2026, 22:01:05 IST
Advertisement

West Bengal Weather Update: মহালয়া এবং পুজোর প্রাক্কালে রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। রাস্তায় কেনাকাটার ভিড় বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় পুজো প্রেমীদের মনে মেঘ জমছে। তবে কী পুজোর আনন্দ মাটি হবে বৃষ্টির কারণে? জেনে নিন মহালয়া থেকে পুজোর কটা দিন কেমন থাকবে আবহাওয়া।

পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানুন হাওয়া অফিসের খবর
পুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানুন হাওয়া অফিসের খবর

আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজোয় দুর্যোগের আশঙ্কা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তার প্রভাব সরাসরি পড়বে না বাংলায়। ফলে পুজোয় দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশিরভাগ দিনই শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, কম-বেশী বৃষ্টির সম্ভাবনা পুজোয় থাকছে। উত্তরবঙ্গেও অধিকাংশ দিন বৃষ্টির সম্ভাবনা কম। তবে, বৃষ্টি হবেই না এমন নয়। উত্তরবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা ছিল, তা আপাতত গাল্ফ অফ থাইল্যান্ডের কাছে বায়ুমণ্ডলের উপরের স্তরে ঘূর্ণাবর্ত হিসেবে রয়েছে। ১১ অক্টোবর নাগাদ সেটি আন্দামান সাগরে পৌঁছতে পারে। ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি শক্তি বাড়িয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে পারে। পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে এই নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যে তার উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনাও নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মহালয়ার দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস রয়েছে। ১১ থেকে ১৩ অক্টোবর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ১৪ অক্টোবরও আংশিক মেঘলা আকাশের সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ১৫ থেকে ১৭ অক্টোবর, সপ্তমীর প্রথম দিন পর্যন্ত কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। দ্বিতীয় সপ্তমী ও অষ্টমীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা। ২০ থেকে ২২ অক্টোবর মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

এক নজরে উত্তরের আবহাওয়া

উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। এমনকী মহালয়ার দিন অর্থাৎ শনিবারেও উত্তরের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১১ থেকে ১৫ অক্টোবর উত্তরবঙ্গে শুকনো থাকবে। ষষ্ঠী ও সপ্তমীর প্রথম দিন কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে পুজোর বেশিরভাগ দিন ছাতা ও কাদা সঙ্গে নিয়ে ঘোরার সম্ভাবনা নেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks