...
...
Next Story

থামছে জয়যাত্রা! সিডনিতে খেলেই ক্রিকেটকে বিদায় অজি তারকার, নেপথ্যে জাতিবিদ্বেষ?

আগামী বছর অস্ট্রেলিয়ার ভারত সফরে দলের সঙ্গে যাওয়ার ইচ্ছাও ছিল খোয়াজার। সে কথাও তিনি এদিন নিজেই স্বীকার করেন।

Published on: Jan 2, 2026, 14:09:49 IST
Advertisement

দীর্ঘ দিন ধরেই তাঁকে ঘিরে চলছিল জল্পনা। ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রকাশ্যেই প্রশ্ন তুলছিলেন তাঁর ভবিষ্যৎ নিয়ে। কেউ কেউ অবসর নেওয়ার পরামর্শও দিয়েছিলেন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা। শুক্রবার তিনি ঘোষণা করলেন, চলতি অ্যাসেজের সিডনি টেস্টই হবে তাঁর টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচ।

ক্রিকেটকে বিদায় অজি তারকার (AFP)
ক্রিকেটকে বিদায় অজি তারকার (AFP)

দেশের হয়ে এখনও অবধি ৮৭ টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সিডনি হবে তাঁর ৮৮ তম টেস্ট। ২০১১ সালে এই সিডনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। সেই মাঠেই খেলবেন বিদায়ী টেস্ট। চিরপরিচিত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে অবসর ঘোষণার সময় আবেগ সামলাতে পারেননি খোয়াজা। স্ত্রী র‌্যাচেল এবং দুই সন্তানকে পাশে নিয়ে তিনি বলেন, 'কয়েক দিন ধরেই বিষয়টা নিয়ে ভাবছিলাম। অ্যাসেজে নামার সময়েও মনে হচ্ছিল, এটা হয়তো আমার শেষ সিরিজ।' তিনি আরও বলেন, ‘‌আমি যেভাবে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরেছি তাতে খুবই খুশি। আমি এক গর্বিত মুসলিম, পাকিস্তানের এক কৃষ্ণাঙ্গ ছেলে যাকে বলা হয়েছিল তুমি কোনও দিন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না। কিন্তু আজ সকলে দেখুক আমি কোথায় পৌঁছেছি।’‌ এরপরই অজি ক্রিকেট সংস্কৃতিকে একপ্রকার তোপ দেগেছেন খোয়াজা। তাঁর কথায়, ‘‌এখানে যথেষ্ট জাতিবিদ্বেষ রয়ে গিয়েছে এখনও। অস্ট্রেলিয়ার অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার হতে দেখিনি কখনও।’‌

বেশ কিছু দিন ধরেই খোয়াজাকে নিয়ে বিতর্ক চলছিল। অ্যাসেজ সিরিজ শুরুর আগে গল্‌ফ খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন খোয়াজা। সে কারণে পার্‌থে ওপেন করতে পারেননি। সে জন্য সমালোচিত হন। তাছাড়া অ্যাসেজের তিন টেস্টের পাঁচ ইনিংসে করেছেন ১৫৩ রান। পিঠের চোট নিয়ে বেশ কিছু দিন ধরেই ভুগছেন। অ্যাসেজের তৃতীয় টেস্টের প্রাথমিক দলেও ছিলেন না খোয়াজা। স্টিভ স্মিথ অসুস্থ হয়ে পড়ায় অ্যাডিলেডে খেলার সুযোগ পান। তবে একটা সময় অস্ট্রেলিয়ার টেস্ট দলে অন্যতম ভরসার মুখ ছিলেন খোয়াজা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভরসার জায়গা চলে যায়। এবার থামার সিদ্ধান্তই নিয়ে নিলেন খোয়াজা।

উসমান খোয়াজার পথ চলা

১৯৮৬ সালে পাকিস্তানে জন্ম উসমান খোয়াজার। চার বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে আসেন। প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্ট খেলে ৪৩.৩৯ গড়ে খোয়াজা করেছেন ৬২০৬ রান। ১৬টি শতরান এবং ২৮টি অর্ধশতরান রয়েছে তাঁর। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩২। এছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ৪০টি একদিনের ম্যাচে ১৫৫৪ রান এবং ন’টি টি–টোয়েন্টি ম্যাচে ২৪১ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন বলে জানিয়েছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও খেলবেন খোয়াজা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe