‘চিরদিনই তুমি যে আমার’— ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ট্রাজিক দুর্ঘটনার পর অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনপ্রদীপ চিরতরে নিভে গেছে। কিন্তু বাস্তব বড়ই কঠিন, আর তাই সেই গভীর ক্ষত বুকে নিয়েই আবার নতুন করে লড়াই শুরু করেছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। পাশে রয়েছে তাঁদের একমাত্র সন্তান সহজ। রাহুলকে হারানোর পর প্রায় দু’মাস কাটতে চলল। পুলিশি তদন্ত কোন পথে এগোচ্ছে তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও, সহজকে নিয়ে নিজের মতো করে জীবন গোছানোর চেষ্টায় খামতি রাখছেন না প্রিয়াঙ্কা।

কটাক্ষ ফুঁৎকারে ওড়ালেন নায়িকা:
স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে প্রিয়াঙ্কা যখন সম্প্রতি আবারও চেনা চন্দের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় এবং স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন, তখন নেটপাড়ার একাংশের ট্রোলিং বা কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। বিধবা স্ত্রীর এমন কাজে ফেরা বা সাজগোজ নিয়ে উড়ে এসেছে বাঁকা মন্তব্য। তবে কোনোদিনই ট্রোলারদের পাত্তা দেননি প্রিয়াঙ্কা, এবারও দিলেন না। সব নেতিবাচকতাকে ফুঁৎকারে উড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি সহজকে নিয়ে একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করলেন নায়িকা।
‘রেসপন্সিবল’ আর ‘রিডিকিউলাস’-এর মাঝে মা-ছেলে:
ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি দিয়ে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, ‘Somewhere between being responsible and being ridiculous…’ (দায়িত্বশীল হওয়া আর ক্ষ্যাপামি করার মাঝামাঝি কোথাও...)।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, লাইব্রেরির ব্যাকড্রপে মা ও ছেলে বইয়ের পাতায় মুখ গুঁজে বসে আছেন। সহজ যে বইটা পড়ছে তার প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা ‘SCANDALS’ বা কেলেঙ্কারি। তবে সেই বইয়ের নাম বা বিষয়বস্তুর ওপর প্রিয়াঙ্কা মজার ছলে একটি ‘CENSORED’ স্টিকার বসিয়ে দিয়েছেন। ছেলে ঠিক কী বই পড়ছে, তা অনুরাগীদের কাছে এক্কেবারে গোপন বা ফাঁস করতে না-রাজ মা প্রিয়াঙ্কা। পরের ছবিতেই আবার দেখা গেল বই সরিয়ে মা-ছেলের মিষ্টি সেলফি তোলার মুহূর্ত।
বিপর্যয়ের কালো মেঘ কাটিয়ে প্রিয়াঙ্কা ও সহজের এই হাসিমুখের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার সহকর্মী এবং অনুরাগীরা। সকলেরই এক কথা— রাহুল না থাকলেও ওঁর রেখে যাওয়া ‘সহজ’ ভালোবাসাকে এভাবেই আগলে রাখুন প্রিয়াঙ্কা।