টলিউডে তিন দশকের অটুট এক বন্ধুত্বের গল্প শোনালেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বন্ধুত্ব দিবসে (Friendship Day) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নিজের কাছের বন্ধু যিশু সেনগুপ্তকে নিয়ে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি।

এন টি ওয়ান স্টুডিওর সেই শুরুর দিন থেকে শুরু করে তাঁদের আসন্ন মেগা প্রজেক্ট বহুরূপী দ্য গোল্ডেন ডাকু— কীভাবে সময় বদলালেও তাঁদের রসায়ন একই রকম রয়ে গেছে, তারই এক সুন্দর রূপরেখা ফুটে উঠেছে শিবপ্রসাদের লেখনীতে।
এন টি ওয়ান স্টুডিওর সেই দিনগুলো
শিবপ্রসাদ তুলে ধরেছেন তাঁদের শুরুর দিকের স্মৃতি। তখন যিশু অভিনয় করছেন বিখ্যাত মেগা 'মহাপ্রভু' আর শিবপ্রসাদ অভিনয় করছেন 'সিংহ বাহিনী'-তে। এন টি ওয়ান (NT1) স্টুডিওতে দেখা হলেই দুজনে এক অদ্ভুত ও মিষ্টি নিয়মে একে অপরকে সম্ভাষণ জানাতেন— হাঁটু গেড়ে বসে একে অপরকে নমস্কার করা! আজও দেখা হলে তাঁদের এই অভ্যাস একই রকম রয়েছে।
এখানেই শেষ নয়। লুকিয়ে ক্রিকেট খেলার রীতিতেও ফাঁক পড়েনি। শুটিং চলাকালীনই সুযোগ পেলেই দুজনে স্টুডিও চত্বরে মেতে উঠতেন ক্রিকেটে। পরিস্থিতি এমন হতো যে পরিচালকরা তাঁদের খুঁজতে এলে দেবাংশুদা এসে তাঁদের আলাদা করতেন!
'পোস্ত' থেকে 'বহুরূপী': নতুন রসায়ন
{{/usCountry}}'পোস্ত' থেকে 'বহুরূপী': নতুন রসায়ন
{{/usCountry}}সময়ের সাথে সাথে দুজনেই টলিউডে নিজেদের শক্ত ভিত তৈরি করেছেন। পরবর্তীতে 'পোস্ত' সিনেমায় শিবপ্রসাদের পরিচালনায় প্রথম অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত। 'পোস্ত' শুটিংয়ের সময়ও বোলপুরের মাঠে ক্রিকেট খেলা থামেনি, যেখানে নন্দিতা রায় তাঁদের হাতেনাতে ধরে ফেলেছিলেন!
বড় পর্দায় এবার শিবুর সহ-অভিনেতা যিশু:
এবার প্রথমবার বড় পর্দায় অভিনেতা হিসেবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁরা। সৌজন্যে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের আসন্ন ছবি বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। শিবপ্রসাদের কথায়, ‘এবার বহুরূপী দ্য গোল্ডেন ডাকুতে প্রথমবার বড় পর্দায় অভিনেতা হিসেবে দুজনে একসাথে কাজ করলাম। বজায় রয়েছে নমস্কার, ক্রিকেট, আড্ডা আর চিরকালীন বন্ধুত্ব। Happy Friendship Day’।
৩০ বছরের এই লম্বা যাত্রাপথে কাজের পরিচয় বদলালেও তাঁদের সেই হাঁটু গেড়ে নমস্কার, আড্ডা, ক্রিকেটের প্রেম আর আন্তরিক বন্ধুত্ব রয়ে গেছে একদম আগের মতোই। বন্ধুত্ব দিবসে যিশু সেনগুপ্তকে শুভকামনা জানিয়ে শিবপ্রসাদ প্রমাণ করে দিলেন, তিনি পর্দায় বহুরূপী হলেও বাস্তবে রঙ বদলান না।