...
...
Next Story

বাবা ছিলেন পাকিস্তানের বায়ুসেনায়! ভারতীয় নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নে আদনানের খেদ, ‘সত্যি এত বছর পরেও…’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজে নাগরিকত্ব নিয়ে মুখ খুলেছেন আদনান সামি। ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর থেকে এ দেশেই বসবাস করছেন গায়ক। তবে তাঁর জন্ম পাকিস্তানে। কী জানালেন বলিউড গায়ক?

Published on: Sep 29, 2026, 10:08:20 IST
Advertisement

আদনান সামি বহু বছর ধরে নিজের কণ্ঠের জাদুতে অনুরাগী ও শ্রোতাদের মন জয় করে আসছেন। আদনান আগে পাকিস্তানি নাগরিক ছিলেন। তবে তিনি বহু বছর ধরে ভারতে বসবাস করছেন এবং এখানে একটি বড় বাড়িও কিনেছেন। যদিও হামেশাই কিছু মানুষের মনে এখনও তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থাকে এবং আদনান সোশ্যাল মিডিয়ায় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

আদনান সামি।
আদনান সামি।

নাগরিকত্ব নিয়ে কী বললেন আদনান?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি আদনান সামিকে প্রশ্ন করেন, তিনি কি ভারতীয় নাগরিক? এই প্রশ্নের জবাবে গায়ক লেখেন, ‘সত্যিই? এত বছর পরেও আপনি আমাকে এই প্রশ্ন করছেন? আপনার কী মনে হয়?’ আদনানের এই জবাব থেকেই স্পষ্ট, দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করা এবং ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

কীভাবে ভারতীয় নাগরিকত্ব পেলেন আদনান?

২০০১ সালে ভিজিটর ভিসায় ভারতে এসেছিলেন আদনান সামি। তাঁর পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়ে যায়। এরপর সেই পাসপোর্ট আর পুনর্নবীকরণ করা হয়নি। পরবর্তী সময়ে, ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতীয় নাগরিকত্ব পান গায়ক।

তবে পাকিস্তানি বংশপরিচয় এবং ভারতীয় নাগরিকত্ব নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। আদনানের বাবা আরশাদ সামি খান ছিলেন পাকিস্তান বায়ুসেনার পাইলট। পরবর্তী সময়ে তিনি কূটনীতিক হিসেবেও কাজ করেন। এর আগে আদনান জানিয়েছিলেন, তাঁর বাবার জন্ম ভারতে। ২০০৯ সালে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়।

আদনান এটাও স্পষ্ট করেছিলেন যে তিনি অর্থের জন্য নাগরিকত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেননি। তিনি পাকিস্তানে পেশাগত বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন এবং জানান যে এই বিষয়ে সাহায্যের জন্য তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের কাছেও আবেদন জানিয়েছিলেন।

আদনানের হিট গান

আদনান সম্পর্কে বলতে গেলে, তিনি বেশ কিছু ভারতীয় পপ, ক্লাসিক্যাল এবং বলিউডের গান গেয়েছেন; যেমন—'তেরা চেহরা', 'কভি তো নজর মিলাও', 'লিফট করা দে', 'অ্যায় উড়ি উড়ি', 'নূর এ খোদা' এবং 'ভর দো ঝোলি মেরি'।

সময় রায়নার শোয়ে আদনানকে নিয়ে মজা

সম্প্রতি সময় রায়নার শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। সেখানে নিজের একটি ছবির গল্প বলতে গিয়ে তিনি জানান, ছবিতে তিনি একজন পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রটি ভারতে আসে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ফলে সে নিজেকে ভারতীয় বলে মনে করতে শুরু করে। তার দেশপ্রেমের কথা মনে থাকলেও, কোন দেশকে সে ভালোবাসে, তা আর মনে থাকে না।

আয়ুষ্মানের এই বক্তব্য শুনে প্যানেলের সদস্য কুল্লু মজা করে বলে ওঠেন, ‘ও তো আদনান সামি!’

শোয়ে তাঁকে নিয়ে করা এই রসিকতার প্রতিক্রিয়াও জানিয়েছিলেন আদনান। মজার ছলেই তিনি বলেন, ‘আগে আমার থেকে স্বত্ব কিনে নাও, তারপর ছবি তৈরি করো।’ তাঁর এই মন্তব্য ঘিরেও আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks