শারীরিক অসুস্থতার কারণে ছোট পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেত্রী অলিভিয়া বসু। তবে অপেক্ষার অবসান। ফের ফিরছেন তিনি। আর এবার তাঁকে দেখা যাবে ‘ভালোবাসার রং রুট’ ধারাবাহিকে। টেন্ট সিনেমার নতুন ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্র ‘নিশা সেন’-এর ভূমিকায় অভিনয় করছেন। ইতিমধ্যেই তাঁর এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

অলিভিয়াকে শেষ দেখা গিয়েছিল ‘রাঙামতি তিরন্দাজ’। এরপর সাময়িক বিরতি অভিনয় থেকে। চিকিৎসকদের পরামর্শে ধারাবাহিকের ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়েছিলেন। তবে কাজ পুরোপুরি থামাননি। করেছিলেন মডেলিং। এই সময়ে একাধিক ধারাবাহিকের প্রস্তাব এলেও নিজের মনের মতো চরিত্রের অপেক্ষাতে ছিলেন। অবশেষে টেন্ট সিনেমা থেকে ‘ভালোবাসার রং রুট’-এর প্রস্তাব পেয়ে আর দেরি করেননি।
‘ভালোবাসার রং রুট’-এ অলিভিয়ার চরিত্রের নাম নিশা সেন। গল্পে তিনি একজন খ্যাতনামা ফুটবল কোচ মিহির সেন-এর মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। গ্রে শেডে দর্শকরা দেখতে পারবেন নিশাকে। গল্পের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দর্শকদের কাছে পৌঁছবে সে। এই প্রসঙ্গে অলিভিয়া জানান, ‘নিশার মধ্যে দু-তিন রকমের শেড রয়েছে। কখনও তাকে ইতিবাচক মনে হবে, আবার কখনও নেতিবাচক। একজন অভিনেত্রী হিসেবে এই ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।’
'ভালোবাসার রং রুট' হলো সান বাংলা চ্যানেলে সম্প্রচারিত একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান নারী চরিত্র রূপাই পেশায় একজন নারী বাস চালক। অন্যদিকে, প্রধান পুরুষ চরিত্র রেহান পেশায় একজন পুরুষ নার্স। সমাজে পুরুষ ও নারীর কাজের যে চিরাচরিত বিভাজন রয়েছে, তাতে চ্য়ালেঞ্জ ছোঁড়ে এই মেগা। ধারাবাহিকে রেহানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি এবং রূপাই-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী মিষ্টি সিংহ রায়-কে। আর এবার তাতে যোগ হল অলিভিয়া বসু-র নাম।