আজকের দিনে দাঁড়িয়ে অরিজিৎ সিং মানেই আপামর সঙ্গীতপ্রেমীদের কাছে এক আবেগের নাম। তবে জৌলুস আর সাফল্যের এই শিখরে পৌঁছানোর অনেক আগে, মায়ানগরী মুম্বইয়ের মাটিতে এক টুকরো জিয়াগঞ্জ আর এক টুকরো মছলন্দপুর মিলেমিশে এক হয়ে গিয়েছিল। জিয়াগঞ্জের অরিজিৎ আর মছলন্দপুরের মেয়ে অন্তরা মিত্র— প্রীতমের ছত্রছায়ায় দু’জনের স্ট্রাগল শুরু হয়েছিল প্রায় দুই দশক আগে। রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে অরিজিৎ এবং ‘ইন্ডিয়ান আইডল’ থেকে অন্তরার যাত্রা শুরু হলেও, তাঁদের আসল লড়াইয়ের সাক্ষী ছিল প্রীতমের স্টুডিও। এবার সেই দুই দশকের পুরনো ‘বেস্ট ফ্রেন্ড’ অরিজিৎ সিংকে নিয়ে এক সাক্ষাৎকারে আবেগঘন অন্তরা।

‘রাত ৩টেয় ফোন করে কাঁদার একমাত্র জায়গা অরিজিৎ’:
অরিজিতের সঙ্গে নিজের অফ-স্ক্রিন সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অন্তরা ‘স্ট্রেট আপ উইথ শ্রী’তে অকপটে জানান, শোবিজ দুনিয়ার মেকি সম্পর্কের ভিড়ে অরিজিৎ তাঁর জীবনে ঠিক কতটা দামি। অন্তরা বলেন, ‘অরিজিৎ আমার অনেক পুরোনো বন্ধু, প্রায় ২০ বছরের, একসঙ্গে স্ট্রাগল করেছি। আমাদের একটা বোঝাপড়া আছে। ওঁর মিউজিক্যালিটিকে আমরা সম্মান করি। সঙ্গীতের সঙ্গে ও মিশে যায়। অচেনা কাউকে ও গাইড করতে যাবে না, তবে ওঁর পরিচত বা বন্ধুস্থানীয় যদি কেউ হয় তাহলে কিন্তু অরিজিৎ চেষ্টা করবে ওর পাশাপাশি তাঁর কাজটাও ভালো হোক’।
অন্তরা জানান, ‘অরিজিৎ-এর সঙ্গে আমার তো অনেক গান আছে, গেরুয়া, জনম-জনম আমাকে কিন্তু ওই রেকর্ড করেছে। অরিজিৎ-এর মিউজিকের ইনভলমেন্টটা নিয়ে খুব গর্বিতভাবে বলি, ওহ খুবই একাত্ম।’
দুই দশকের জার্নি ও প্রীতম-কানেকশন:
আজকের সুপারস্টার অরিজিৎ সিংকে খুব কাছ থেকে সাধারণ এক স্ট্রাগলার হিসেবে দেখেছেন অন্তরা। মুম্বইয়ে যখন দু’জনের কেউই প্রতিষ্ঠিত নন, তখন মিউজিক ডিরেক্টর প্রীতমের স্টুডিওতে স্ক্র্যাচ গাইতেন তাঁরা, কোরাসে গলা দিতেন, ঘণ্টার পর ঘণ্টা গান শিখে নিজেদের গড়ে তুলেছিলেন। সেই দিনগুলোর কথা মনে করে অন্তরা জানান, সময়ের সাথে সাথে অরিজিতের আকাশছোঁয়া সাফল্য এলেও তাঁদের বন্ধুত্বে এক ফোঁটাও মরচে পড়েনি। অরিজিৎ আজও সেই মছলন্দপুরের অন্তরার কাছে একই রকম সহজ, সরল ও ভরসার জায়গা।
অরিজিৎ সিং আজ ভারতের এক নম্বর গায়ক হতে পারেন, কিন্তু বন্ধুরূপে তিনি এখনও সেই পুরনো জিয়াগঞ্জের ছেলেই রয়ে গেছেন, তা অন্তরার কথায় স্পষ্ট । লাইমলাইট থেকে দূরে থাকা, সাধারণ জীবনযাপন করা অরিজিতের এই স্বভাবই অন্তরার সবচেয়ে প্রিয়।
মছলন্দপুর থেকে উঠে এসে বলিউডে ‘জনম জনম’ বা ‘গেরুয়া’-র মতো সুপারহিট গান উপহার দেওয়া অন্তরা মিত্র প্রমাণ করলেন যে, গ্ল্যামার ওয়ার্ল্ডের ইঁদুরদৌড়েও যদি একজন খাঁটি বন্ধু পাশে থাকে, তবে জীবনের সব লড়াই সহজ হয়ে যায়। অরিজিৎ আর অন্তরার এই মিষ্টি বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছে গায়কের ভক্তদের।