...
...
Next Story

অরিজিৎ-কোয়েলের মন্দিরে বিয়ের ছবি! জিয়াগঞ্জের ভূমিপুত্র কীভাবে করেছিলেন প্রপোজ?

কোয়েল ও অরিজিৎকে পাওয়ার কাপল বলেন অনুরাগীরা। গায়কের একটি ফ্যানপেজ থেকে তাঁর বিয়ের ছবিটি আবার ভাগ করে নেওয়া হয় সোশ্যালে। কোয়েলকে কীভাবে অরিজিৎ প্রপোজ করেছিলেন জানেন?

Published on: Aug 12, 2026, 18:01:10 IST
Advertisement

সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং-এর একটি ফ্য়ানপেজ থেকে অরিজিৎ সিং ও কোয়েলের বিয়ের একটি ছবি ভাগ করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিটি যদিও এর আগে বহুবার দেখেছেন অনেকেই। যেখানে তসর রঙের শেরওয়ানি জিয়াগঞ্জের-ভূমিপুত্রের গায়ে, মাথায় মেরুন রঙের পাগড়ি। অন্য দিকে, কোয়েল একটি মেরুন রঙের শাড়ি পরে আছেন। দুজনের গলাতেই মালা। একে-অপরের সঙ্গে কথা বলছেন।

অরিজিৎ ও কোয়েলের বিয়ের ছবি।
অরিজিৎ ও কোয়েলের বিয়ের ছবি।

জানা যায় ২০১৪ সালের জানুয়ারি মাসে কোয়েল ও অরিজিৎ গোপনে বিয়ে করেছিলেন তারাপীঠে। এমনকী, গায়ক এই ব্যাপারটাকে গোপন রাখতে যথাসাধ্য চেষ্টাও করেছিলেন। এরপর অরিজিতের হোয়াটসঅ্য়াপ ডিপি থেকে ব্যাপারটা আচমকাই চোখে পড়ে এক সাংবাদিকের। ব্যাস আর কী, পরেরদিনই সংবাদ। প্রসঙ্গত, এর আগেও কোয়েল বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে সেটা আইনি বিয়ে ছিল। আর অরিজিতের প্রথম স্ত্রী কখনোই আসেননি লাইমলাইটে। শোনা যায় তিনিও মুর্শিদাবাদের মেয়ে। কিন্তু প্রাক্তনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মুখে আসেননি কখনোই।

এক সাক্ষাৎকারে স্বল্পভাসী অরিজিৎ জানিয়েছিলেন তিনিই প্রপোজ করেছিলেন কোয়েলকে। সেই সাক্ষাৎকারে অরিজিৎকে প্রশ্ন করা হয়েছিল কে প্রপোজ করে? যাতে লজ্জা পেয়ে গায়ক জবাব দেন, ‘আমিই’। এরপরের প্রশ্ন আসে, গান গেয়ে প্রপোজ করেছিলেন নাকি! তাতে বেশ আতঙ্কিত হয়েই গায়ক বলেন, না না। একদম নরমাল। সঙ্গে জানান, ছোটবেলা থেকেই চিনতেন তাঁরা একে-অপরকে। একসঙ্গে পড়তেন। তারপর বন্ধুত্বই প্রেমে পরিণতি পায়। সঙ্গে এটাও স্পষ্ট করে দেন চোখে-চোখে মোটেও ইশারা হয়নি। বলেছিলেন, ‘না বাবা, কোনও কনফিউশন চাই না’!

বরাবরই অরিজিৎ নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। জিয়াগঞ্জে যখন থাকেন তখন সাধারণ পোশাকে ঘুরে বেড়ান এলাকায়। ঠিক একইরকম কোয়েলও। এমনকী, তাঁরা দুই ছেলেকে ভর্তি করিয়েছেন জিয়াগঞ্জেরই স্থানীয় এক স্কুলে।

আসলে গুণীর কদর তাঁর কাজে। তাই তো অরিজিতের সঙ্গে গান গাইতে সুদূর মুর্শিদাবাদে ঘুরে গিয়েছেন অতীতে ব্রিটিশ তারকা এড শিরান। সেখানে রাত কাটান। অরিজিতের নিজের স্টুডিয়োতে তাঁরা গান রেকর্ড করেন। এমনকী, অরিজিৎকে নিজের ছবিতে গান গাওয়ার জন্য রাজি করাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন আমির খানও। সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা গায়কের লাখ লাখ অনুরাগীর ভালোবাসা তো আছেই।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe