২০২১ সালের কোভিডের সেই ভয়াবহ দিনগুলোতে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন অরিজিৎ সিংহের মা অদিতি সিংহ। সেই সময়ে মায়ের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে সোশ্যালে হন্যে হয়ে ঘুরেছিলেন অনুরাগীরা। মা রক্ত পেয়েছিলেন ঠিকই, কিন্তু শেষরক্ষা হয়নি। মায়ের চলে যাওয়ার পাঁচ বছর পর, সেই যন্ত্রণাকেই এবার এক মহৎ সামাজিক উদ্যোগে রূপান্তরিত করলেন অরিজিৎ। মায়ের মৃত্যুবার্ষিকীতে কোনো জাঁকজমক বা ধর্মীয় আচার নয়, বরং মানুষের জীবন বাঁচানোর তাগিদে জিয়াগঞ্জে এক রক্তদান শিবিরের আয়োজন করল গায়কের পরিবার।

জিয়াগঞ্জে নিঃশব্দে সমাজসেবা:
বলিউডের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার হওয়া সত্ত্বেও প্রচারের আলো থেকে দূরে থাকাই অরিজিতের স্বভাব। জিয়াগঞ্জে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তিনি সমাজকল্যাণমূলক কাজ করে থাকেন। স্থানীয় সূত্রে খবর, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অরিজিৎ ও তাঁর পরিবারের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। গ্রীষ্মের এই চড়া গরমে যখন রাজ্যজুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চরম সঙ্কট দেখা দেয়, ঠিক সেই সময়ে অরিজিতের এই উদ্যোগ বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্মীরা।
মায়ের অসুস্থতার সেই দিন ও অরিজিতের দর্শন:
পাঁচ বছর আগে মায়ের অসুস্থতার সময়ে অরিজিতের নাম জড়িয়ে বহু মানুষ সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। সেই সময় সোশ্যালে একটি পোস্টে অরিজিৎ অত্যন্ত বিনম্রভাবে লিখেছিলেন, ‘আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার নাম দেখে অতিরিক্ত কিছু করার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেককে সমানভাবে সম্মান করতে না পারলে, এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারব না। সব মানুষই সমান গুরুত্বপূর্ণ।’ মায়ের চলে যাওয়ার পরও নিজের সেই জীবনদর্শন থেকে এক চুলও নড়েননি গায়ক। মায়ের স্মৃতিতে আয়োজিত এই রক্তদান শিবিরেও কোনও রকম বাড়তি আড়ম্বর রাখা হয়নি, অত্যন্ত সাধারণভাবেই সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়া।
তারকারা যখন বিভিন্ন পার্টি বা বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের চর্চায় রাখেন, সেখানে মায়ের মৃত্যুবার্ষিকীতে অরিজিতের এই নিঃশব্দ উদ্যোগ এবং রক্তদানের মতো মহৎ বার্তার প্রশংসা পঞ্চমুখ গোটা নেটপাড়া। নেটিজেনদের কথায়, 'অরিজিৎ সিং একজনই হয়, যিনি তারকা হয়েও সাধারণ মানুষের দুঃখটা বোঝেন।'
{{/usCountry}}তারকারা যখন বিভিন্ন পার্টি বা বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের চর্চায় রাখেন, সেখানে মায়ের মৃত্যুবার্ষিকীতে অরিজিতের এই নিঃশব্দ উদ্যোগ এবং রক্তদানের মতো মহৎ বার্তার প্রশংসা পঞ্চমুখ গোটা নেটপাড়া। নেটিজেনদের কথায়, 'অরিজিৎ সিং একজনই হয়, যিনি তারকা হয়েও সাধারণ মানুষের দুঃখটা বোঝেন।'
{{/usCountry}}