রাত পোহালে কালীপুজো। চারিদিক এখন সেজে উঠেছে আলোর সাজে। অনেকের বাড়িতেই পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে। এসবের মধ্যেই এবার মা কামাখ্যা মন্দিরে সপরিবারে পুজো দিলেন অরিজিৎ সিং। কামাখ্যা, যেটি অন্যতম একটি সতীপীঠ, সেখানে আর পাঁচটা সাধারন মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন অরিজিৎ।
দীপাবলির আবহে কামাখ্যা মন্দিরে অরিজিৎ
অরিজিৎ সিং কামাখ্যায় পুজো দিতে আসছেন, খবর ছড়িয়ে পড়তেই কামাখ্যায় ভিড় করেন বহু মানুষ। প্রিয় সঙ্গীত শিল্পীকে একবার দেখার জন্য আসেন অনেকে। সেইসব ঘেরাটোপ পেরিয়ে মায়ের কাছে পুজো দিলেন অরিজিৎ। তবে ভিআইপি লাইনে নয়, মন্দির সংলগ্ন দোকান থেকে পুজোর সামগ্রী কিনে একেবারে লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন তিনি।
যদিও এই প্রথমবার নয়, এর আগেও বহুবার অরিজিৎকে দেখা গিয়েছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে। জিয়াগঞ্জে স্কুটি চালিয়ে অবলীলায় সকলের সঙ্গে বাজার করেন তিনি, রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন সকলের সঙ্গে। আর পাঁচজন তারকার কাছে যেটি একেবারে স্বপ্নের মতো, সেটা খুব সাধারণভাবে করে ফেলেন অরিজিৎ।
এদিন স্ত্রীকে নিয়ে পুজো দিয়ে ভক্তদের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন অরিজিৎ। যদিও সর্বক্ষণ অরিজিৎকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা। গত ৩১ অক্টোবরও ঠিক একইভাবে হঠাৎ করে একটি রেস্তোরাঁয় এসে চা খেয়ে সকলকে চমকে দেন গায়ক। এবার মা কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অরিজিৎ, অন্যদিকে প্রিয় মানুষটিকে দেখতে পেয়ে খুশি সাধারণ মানুষও।
তবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকলেও কেউ তাকে দেখার জন্য বা ছবি তোলার জন্য অন্যকে বিরক্ত করুক এটা একেবারেই পছন্দ করেন না অরিজিৎ। বহুবার অরিজিৎকে বলতে শোনা যায়, রাস্তায় অন্য কাউকে বিরক্ত করে যেন ছবি তোলা না হয়। একবার গাড়িতে বসেও এক ভক্তকে ধমক দিয়েছিলেন তিনি। হাসপাতালের সামনে জোরে হর্ন দেওয়ার জন্য সেই ভক্তকে কড়া কথা শোনান সংগীতশিল্পী।
Home/Entertainment/দীপাবলির আবহে কামাখ্যা মন্দিরে অরিজিৎ, পুজো দিলেন সাধারণ জনগণের সঙ্গে