গায়ক হিসেবে তিনি সাফল্যের শীর্ষে। চলতি বছরের গোড়ায় বলিউডকে অলবিদা জানিয়ে শোরগোল ফেলেছেন অরিজিৎ। এবার নতুন চমক তাঁর ঝুলিতে। পরিচালক হিসেবে অরিজিৎ কতটা দক্ষ, তা জানার সুযোগ হয়নি সকলের, তাঁর ডেবিউ ছবি সা এখনও থিয়েটারে মুক্তি পায়নি। তবে গোপনে মাস কয়েক আগেই নিজের দ্বিতীয় ছবি ‘ভয়’-এর কাজ শুরু করে দিয়েছেন তিনি। ‘সা’-তে একটি ছোট ছেলের সঙ্গীতের সফরের গল্প তুলে ধরা হয়েছিল। এবারও অরিজিৎ-এর ছবির কেন্দ্রে থাকছে তরুণ প্রজন্ম। আর এই ছবিতেই কাস্টিং-এ থাকছে দুর্দান্ত চমক।

নওয়াজউদ্দিনের কন্যার ডেবিউ ও গুরুত্বপূর্ণ কাস্টিং
অরিজিতের এই দ্বিতীয় ছবির মাধ্যমেই রূপোলি পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দীকী-র কন্যা শোরা সিদ্দীকী। তাঁর রূপে বহু বছর আগে থেকেই মুগ্ধ নেটপাড়া। রাধিকা আপ্তের সঙ্গে শোরার তুলনা চলে হামেশা, সেই সুন্দরী এবার অরিজিৎ-এর নায়িকা। ছবির সেট থেকে একটা ছবিও ফাঁস হয়নি। তবে প্রথমবার হিরো-হিরোইন এবং হিরোইনের বাবার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অরিজিৎ। গায়কের এই ছবিতে নায়কের চরিত্রে থাকবেন, তাঁর নিজের ছেলে আলি।
অরিজিৎ-এর ফ্যানপেজ থেকে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, বাবার কাঁধে মাথা এলিয়ে দাঁড়িয়ে অরিজিৎ পুত্র আলি। বাবার কাঁধ ছাপিয়েছে অরিজিৎ-এর টিনএজ পুত্র। ছবিতে নওয়াজের পাশে দাঁড়িয়ে এক গাল হাসছে অরিজিৎ-এর ছোট ছেলে জুল। সুন্দরী শোরারও দেখা মিলেছে এই সাদা কালো ছবিতে। সবার পরনেই ক্যাজুয়াল পোশাক।
ইতিমধ্যেই বোলপুর শান্তিনিকেতনে বেশ কিছুদিনের শুটিং পর্ব সেরে ফেলেছেন শোরা। শোনা যাচ্ছে, মেয়ের পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খোদ নওয়াজউদ্দিন সিদ্দীকীকেই। ছবিতে দেখা যাবে বলিউড ও টলিউডের পরিচিত মুখ দিব্যেন্দু ভট্টাচার্য-কেও।
তিনটি গল্প ও বীরভূমের আউটডোর সেট
‘ভয়’ মূলত তিনটি আলাদা গল্পের সমন্বয়ে তৈরি একটি সংকলন বা অ্যান্থোলজি ছবি হতে চলেছে, যা ছোটদের কেন্দ্র করে তৈরি করা হচ্ছে। ছবিতে সাঁওতালি মাটির বাড়ির আদলে সেট তৈরি করা হয়েছে এবং একটি সুদৃশ্য বহনযোগ্য টেরাকোটার মন্দিরও তৈরি করা হয়েছে।
গানের দায়িত্বে কে?
{{/usCountry}}গানের দায়িত্বে কে?
{{/usCountry}}অরিজিৎ সিংয়ের ছবি মানেই সেখানে থাকবে মন ছুঁয়ে যাওয়া গান। ‘ভয়’ ছবির সুর কে করবেন, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, সম্পর্কের খাতিরে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত-কে এই দায়িত্ব দিতে পারেন অরিজিৎ। আবার অনেকে মনে করছেন, অরিজিৎ নিজে দাঁড়িয়ে থেকে যেমন শুটিং তদারকি করছেন, তেমনই ছবির সুরের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিতে পারেন।