...
...
Next Story

Arijit Viral Video: আচমকাই অনুরাগীর আইফোন চেয়ে নিলেন জিয়াগঞ্জের-ভূমিপুত্র, কেন এমন করলেন অরিজিৎ?

ভরা মঞ্চে এক ভক্তের আবদার রাখতে অরিজিতের এই কাজ মন জিতে নিল ভক্তদের। ‘এই কারণেই তোমায় এত ভালোবাসি দাদা’, দরাজ প্রশংসা নেটপাড়ার।

Published on: Jul 13, 2026, 13:29:21 IST
Advertisement

অরিজিৎ সিং তাঁর ভক্তদের কাছে ভগবানের রূপ। জিয়াগঞ্জের ভূমিপুত্রকে বরাবরই ভালোবাসায় ভরান তাঁর অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যা অরিজিতের এক ভক্তই ভাগ করে নিয়েছেন।

লাইভ কনসার্টে আবারও ভক্তের মন জয় করলেন অরিজিৎ সিং।
লাইভ কনসার্টে আবারও ভক্তের মন জয় করলেন অরিজিৎ সিং।

দেখা যাচ্ছে যে, মঞ্চে পারফর্ম করছেন গায়ক। তারই মাঝে দেখতে পান দূরে ভিড়ের মধ্যে এক অনুরাগী দাঁড়িয়ে আছে প্ল্যাকার্ড হাতে। গান গাইতে গাইতেই চোখের সামনে হাত বাইনোকুলারের মতো নিয়ে অরিজিৎ ইশারায় বোঝানোর চেষ্টা করেন যে, তিনি কিছুই দেখতে পারছেন না।

এরপর স্টেজের একধারে গিয়ে ইশারায় দর্শদের কাছ থেকে একটি মোবাইল ফোন চেয়ে নেন। তারপর সেই ফোনের ক্যামেরা জুম করে পড়েন সেই অনুরাগীর হাতে ধরে থাকা প্ল্যাকার্ডটি। যেখানে লেখা ছিল, ‘My Dream Is To Sing With Arijit Singh’. যার বাংলা করলে দাঁড়ায়, আমার স্বপ্ন হল অরিজিৎ সিং-এর সঙ্গে গান গাওয়া।

এরপর অরিজিৎ সেই অনুরাগীর কাছ থেকে জানতে চান, ‘কোন গান? কোন গান গাইতে চাও তুমি? যে কোনো গান? এই গানটা গাইবে? তাহলে আসো’। হাতের ইশারায় ছেলেটিকে সামনে আসতে বলেন অরিজিৎ। এরপর সেই অনুরাগীর সঙ্গে ‘ও মাহি’ গানে গলা মেলান অরিজিৎ। আর গায়কের এই মিষ্টি ভিডিয়োই আপাতত কেড়ে নিয়েছে নেটপাড়ার মন।

অরিজিতের এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন মন্তব্য করেছেন, ‘এই কারণেই সবাই অরিজিৎ সিং-কে এত ভালোবাসে’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘লাকি বয়’, অর্থাৎ সেই ছেলেটি যিনি অরিজিতের সঙ্গে গলা মেলানোর সুযোগ পেয়েছেন তাঁকে উদ্দেশ্য করে লেখা। অন্য একটি কমেন্টে লেখা হয়েছে, ‘দাদা তুমি অনন্য। আমি সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন তোমায় নিজের চোখের সামনে দেখব। তোমার গান এভাবেই সামনে দাঁড়িয়ে শুনব।’

চলতি বছরেই প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং। গায়কের এই ঘোষণার পর, রীতিমতো ভেঙে পড়েছিলেন তাঁর ভক্তরা। যদিও গায়ক আশ্বস্ত করেছেন যে, ইন্ডিপেনডেন্ট মিউজিক নিয়ে কাজ করবেন তিনি। সঙ্গে যে কয়েকটি প্লে ব্যাকের কাজ হাতে নেওয়া ছিল, সেগুলিও শেষ করবেন। সঙ্গে লাইভ শো-তেও আসবেন।

অরিজিতের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ২০১৩ সালের 'আশিকি ২' ছবির তুম হি হো। দীর্ঘ কেরিয়ারে তিনি ৮০০-রও বেশি গান গেয়েছেন। তবে আকাশছোঁয়া সাফল্যের মাঝেও নিজেকে রেখেছেন মাটির কাছাকাছি। অনাড়ম্বর জীবনযাপনের কারণে তিনি যেন আরও বেশি পৌঁছে গিয়েছেন ভক্তদের মনে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe